
সিলেটের জকিগঞ্জে তরুণ প্রজন্মের মাঝে সামাজিক দায়বদ্ধতা বাড়াতে ও শিক্ষা কার্যক্রমে উৎসাহ জোগাতে একযোগে কাজ করেছে দুটি সেবামূলক সংগঠন। এর অংশ হিসেবে উপজেলার কাজলসার ইউনিয়নের লুৎফুর রহমান স্কুল এন্ড কলেজে দিনব্যাপী আয়োজিত এক অনুষ্ঠানে অর্ধশতাধিক এসএসসি ও দাখিল উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সঙ্গে ওই প্রতিষ্ঠানের ৫৫০ জন শিক্ষার্থীর রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।
রোববার (২০ সেপ্টেম্বর) কলেজ হলরুমে ‘মানবসেবা জকিগঞ্জ’ এবং ‘জকিগঞ্জ সর্বসেবা সংঘ (জেডএসএস)’-এর যৌথ উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়িত হয়। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সালিক আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং মানবসেবা জকিগঞ্জের সদস্য কামরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন রিয়াদুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরমা বিজনেস গ্রুপের চেয়ারম্যান, ব্যবসায়ী ও সমাজসেবক সাহেদ আহমদ রাসেল। বক্তব্যে তিনি মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, যুবসমাজকে কোনোভাবেই ধ্বংস হতে দেওয়া যাবে না। এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, জকিগঞ্জ উপজেলা থেকে আগামী দিনে এই শিক্ষার্থীরা দেশ ও বিশ্বের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে নেতৃত্ব দেবে; বড় স্বপ্ন ও সাহস নিয়ে তাদের এগিয়ে যাওয়ার তাগিদ দেন তিনি। সূচনা বক্তব্যে জকিগঞ্জ সর্বসেবা সংঘের সভাপতি মিনহাজ উদ্দিন আয়োজনের লক্ষ্য তুলে ধরেন। এছাড়া স্থানীয়দের মধ্যে বক্তব্য দেন ব্যবসায়ী আব্দুল মালিক আনিছ, সংগঠক এনামুল হক মুন্না, রুজেল আহমদ, খালেদ মাহমুদ, শিক্ষক এমদাদুর রহমান ও শুয়েব মাহমুদ এবং শিক্ষার্থী আকিফা জান্নাত, নওশিন আঞ্জুম, মরিয়ম আক্তার ও এমিলি আক্তার।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতন করে তোলার পাশাপাশি তাদের অর্জিত সাফল্যকে স্বীকৃতি দিতেই এই সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়েছে।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।