
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চৌধুরীপাড়া বাজারে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় এক কীটনাশক ব্যবসায়ীকে মারধর, দোকানে হামলা, ভাঙচুর ও টাকা লুটের অভিযোগ উঠেছে। গত ১৩ সেপ্টেম্বর (রবিবার) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী কবির ভূঁইয়া বাদী হয়ে অভিযুক্ত আহাদ ভূঁইয়া ও তার ছেলে আল আমিনের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, এলাকায় মাদক বিক্রির প্রতিবাদ করার জেরে অভিযুক্ত আহাদ ভূঁইয়া ও তার ছেলে আল আমিন দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে কবির ভূঁইয়ার কীটনাশকের দোকানে হামলা চালান। হামলায় বাঁধা দিতে গেলে দোকানে উপস্থিত সাবেক ইউপি সদস্য ধন মিয়া ও ব্যবসায়ী জামাল তালুকদারসহ কয়েকজন আহত হন। হামলাকারীরা দোকান ভাঙচুর করে একটি মোবাইল ফোনসহ আনুমানিক ৬০ হাজার টাকার মালামাল ক্ষতিসাধন করে এবং ক্যাশ বাক্স থেকে নগদ ৫ লাখ ৩০ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ভুক্তভোগী কবির ভূঁইয়া জানান, হামলার সময় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরবর্তীতে স্থানীয় আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্তরা সটকে পড়েন। আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয়দের দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবার ও চড়া সুদের ব্যবসাসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে, যা স্থানীয় যুবসমাজকে বিপথগামী করছে।
তবে সব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আহাদ ভূঁইয়া জানান, ঘটনার সময় কেবল সামান্য তর্কাতর্কির একপর্যায়ে হাতাহাতি হয়েছে। সেখানে কোনো হামলা, ভাঙচুর বা টাকা লুটের ঘটনা ঘটেনি।
এ বিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।