
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ–১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে রাজনৈতিক অঙ্গনে বইতে শুরু করেছে নতুন হাওয়া। সাধারণ মানুষের প্রত্যাশা ও ‘জনতার সিদ্ধান্ত’কে প্রাধান্য দিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন হাওর অঞ্চলের পরিচিত মুখ কামরুজ্জামান কামরুল।
রোববার (২৮ ডিসেম্বর) নিজ বাসভবনে আয়োজিত এক জনাকীর্ণ সভায় তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
কামরুজ্জামান কামরুল বর্তমানে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। এর আগে তিনি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
সকালের দিক থেকেই তাঁর বাসভবনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। উপস্থিত জনতা তাঁকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দেখতে চাওয়ার দাবি জানালে তিনি জনতার সেই আহ্বানের প্রতি সম্মান জানিয়ে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেন।
ঘোষণা অনুষ্ঠানে তিনি বলেন,“আমি সবসময় জনগণের সেবক হিসেবেই রাজনীতি করেছি। আজ মানুষের এই ভালোবাসা ও প্রত্যাশা আমাকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। সাধারণ মানুষের অধিকার আদায় এবং এলাকার উন্নয়নের স্বার্থে আমি সুনামগঞ্জ–১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিচ্ছি। আমি বিশ্বাস করি, এই ভালোবাসা ব্যালটের মাধ্যমেই প্রতিফলিত হবে।”
হাওর অঞ্চলের মানুষের বিপদে-আপদে পাশে থাকা এবং তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে তাঁর কার্যক্রমের কারণে তিনি দীর্ঘদিন ধরে এলাকায় ‘হাওর বন্ধু’ নামে পরিচিত।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি ঘরানার এই প্রভাবশালী নেতার স্বতন্ত্র প্রার্থীতা আসন্ন নির্বাচনের সমীকরণে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
ইতোমধ্যে তাঁর ঘোষণাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।