হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার অভিযোগে দায়ের করা মামলায় জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ ১১ নেতাকর্মী অস্থায়ী জামিন পেয়েছেন।
রোববার (২ আগস্ট) হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নানের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা। শুনানি শেষে আদালত তাদের আবেদন মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কুতুব উদ্দিন জুয়েল বলেন, মামলার এজাহারে ঘটনার তারিখ, সময় এবং কার বিরুদ্ধে কে কী ধরনের হামলা করেছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট বর্ণনা নেই। এ ছাড়া অভিযোগের বর্ণনায় অস্পষ্টতা রয়েছে। এসব বিষয় আদালতের নজরে আনা হলে বিচারক ১১ আসামির জামিন মঞ্জুর করেন।
এমপি নুরুলের বিরুদ্ধে ‘চাঁদা দাবির’ অভিযোগের প্রতিবাদে জেলা বিএনপির সংবাদ সম্মেলন৩ নভেম্বর ২০২৬জামিন পাওয়া অন্য আসামিরা হলেন—বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব আশরাফুজ্জামান রিয়াজ, জেলা ছাত্রদলের যুগ্ম সাংগঠনিক সম্পাদক আসিফুল ইসলাম ইমন, কলেজ ছাত্রদল নেতা মোজাক্কির হোসেন ইমন, এম এইচ শিমুল, আল সাইমুন, মাহফুজ চৌধুরী, ইশতিয়াক রহমান ইফতি, শেখ সাব্বির, নাজমুল হোসেন অনি ও রক্সি ইসলাম।
এর আগে গত বুধবার হবিগঞ্জ সদর মডেল থানায় মামলাটি করেন এনসিপির ছাত্রসংগঠন জেলা ছাত্রশক্তির আহ্বায়ক তন্ময় তাহের রুবেল। মামলায় জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়। অভিযোগে বলা হয়, ২৮ জুলাই হবিগঞ্জে এনসিপির নেতাদের গাড়িবহরে হামলা চালানো হয়। ওই ঘটনায় দলটির কয়েকজন নেতাকর্মী আহত হন এবং কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, একই ঘটনাকে কেন্দ্র করে জেলা ছাত্রদলের পক্ষ থেকেও এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ ১০ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগে পৃথক মামলা করা হয়েছে।


