
রাশিয়ায় উদ্ভাবিত মেলানোমা ক্যানসারের পরীক্ষামূলক টিকা প্রয়োগের পর প্রথম রোগীর শরীরে ইতিবাচক ফল মিলেছে বলে দাবি করেছেন দেশটির গবেষকেরা। তাঁদের মতে, টিকা গ্রহণকারী রোগী বর্তমানে সুস্থ আছেন এবং তাঁর শরীরে ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে সহায়ক রোগপ্রতিরোধী প্রতিক্রিয়া তৈরি হচ্ছে।
টিকাটির উন্নয়নে যুক্ত গামালেয়া রিসার্চ ইনস্টিটিউটের বৈজ্ঞানিক পরিচালক আলেক্সান্দর গিনজবার্গ বৃহস্পতিবার রুশ বার্তা সংস্থা আরআইএ নভোস্তিকে বলেন, প্রথম রোগীর শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। তাঁর শরীরে এমন সক্রিয় উপাদান তৈরি হচ্ছে, যা রোগ প্রতিরোধব্যবস্থাকে টিউমার ও এর মেটাস্টেসিসের বিরুদ্ধে কার্যকরভাবে লড়াই করতে সহায়তা করবে।
এর আগে রাশিয়ার ন্যাশনাল মেডিক্যাল রিসার্চ সেন্টার অব রেডিওলজির প্রধান আন্দ্রে কাপরিন বলেছিলেন, এই প্রযুক্তি ক্যানসার চিকিৎসায় নতুন ধরনের একটি পদ্ধতি। এতে শুধু রোগের চিকিৎসাই নয়, রোগ প্রতিরোধব্যবস্থাকে ক্যানসার কোষ শনাক্ত ও ধ্বংস করার জন্যও প্রশিক্ষিত করা হয়।
এ পদ্ধতিতে রোগীর টিউমার ও সুস্থ টিস্যুর নমুনা সংগ্রহ করে জিনগত বৈশিষ্ট্য বিশ্লেষণ করা হয়। পরে সেই তথ্যের ভিত্তিতে রোগীভেদে পৃথক একটি ভ্যাকসিন তৈরি করা হয়, যা রোগ প্রতিরোধব্যবস্থাকে ক্যানসার কোষ শনাক্ত ও ধ্বংস করার সক্ষমতা অর্জনে সহায়তা করে।
রাশিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, কলোরেক্টাল ক্যানসারের ওষুধ অনকোপেপ্ট গ্রহণকারী রোগীদের শরীরেও প্রয়োজনীয় রোগপ্রতিরোধী প্রতিক্রিয়া তৈরি হয়েছে। একই সঙ্গে গামালেয়া ইনস্টিটিউট অগ্ন্যাশয়, কিডনি এবং নন-স্মল সেল ফুসফুসের ক্যানসারের জন্য নতুন চিকিৎসাপদ্ধতি উন্নয়নের কাজও চালিয়ে যাচ্ছে।
তথ্যসূত্র: আরটি
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।