মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

কানাইঘাট-জকিগঞ্জের নদীভাঙন রোধে ২৭৩ কোটি টাকার প্রকল্প, সংসদে প্রশ্ন তুললেন শাম্মী আক্তার

১৭টি ঝুঁকিপূর্ণ স্থানে ৫ দশমিক ১৭৫ কিলোমিটার নদীতীর সংরক্ষণ; জকিগঞ্জের ১০ স্থানে চলছে প্রস্তুতিমূলক কার্যক্রম


নিজস্ব প্রতিবেদক
কানাইঘাট-জকিগঞ্জের নদীভাঙন রোধে ২৭৩ কোটি টাকার প্রকল্প, সংসদে প্রশ্ন তুললেন শাম্মী আক্তার
সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শাম্মী আক্তার

 

সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলায় সুরমা ও কুশিয়ারা নদীর ভাঙন রোধে ২৭৩ কোটি টাকা ব্যয়ে নদীতীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। দুই উপজেলার ১৭টি ঝুঁকিপূর্ণ স্থানে প্রায় ৫ দশমিক ১৭৫ কিলোমিটার নদীতীর সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে জকিগঞ্জের ১০টি স্থানে প্রকল্পের আওতায় প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে।

গত মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য শাম্মী আক্তারের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। সংসদের নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে শাম্মী আক্তারের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী প্রকল্পের ব্যয়, কাজের পরিধি ও বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন।

সংসদে শাম্মী আক্তার জানতে চান, কানাইঘাট ও জকিগঞ্জের সীমান্তবর্তী এলাকায় নদীভাঙনের কারণে বাংলাদেশের মানচিত্র সংকুচিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সুরমা ও কুশিয়ারা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণে সরকার দ্রুত কোনো ব্যবস্থা গ্রহণ করবে কি না।

জবাবে পানিসম্পদমন্ত্রী জানান, ভারতের সঙ্গে প্রায় ৬৬ কিলোমিটার সীমান্ত রয়েছে জকিগঞ্জ উপজেলার। সীমান্তবর্তী এ অঞ্চলের ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে একটি সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন হয়েছে। সমীক্ষায় ঝুঁকিপূর্ণ এলাকাগুলো রক্ষায় প্রস্তাবসহ তিনটি পর্যায়ে প্রকল্প বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় ‘সুরমা-কুশিয়ারা অববাহিকার উন্নয়ন এবং বন্যা ও সমন্বিত পানি ব্যবস্থাপনা’ শীর্ষক প্রকল্পের কাজ চলছে। প্রকল্পের আওতায় জকিগঞ্জের ১৩টি এবং কানাইঘাটের চারটি ঝুঁকিপূর্ণ স্থানে নদীতীর সংরক্ষণ করা হবে। এ কাজে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায় ২৭৩ কোটি টাকা।

মন্ত্রী আরও জানান, প্রকল্পের প্রথম পর্যায়ের কাজের অংশ হিসেবে জকিগঞ্জের ১০টি স্থানে বর্তমানে মোবিলাইজেশন কার্যক্রম চলমান রয়েছে। পর্যায়ক্রমে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের কাজও বাস্তবায়ন করা হবে। প্রকল্পের সব কাজ সম্পন্ন হলে কানাইঘাট ও জকিগঞ্জের চিহ্নিত ঝুঁকিপূর্ণ এলাকাগুলো নদীভাঙনের কবল থেকে রক্ষা পাবে বলে আশা করছে সরকার।

সুরমা ও কুশিয়ারা নদীর অব্যাহত ভাঙনে দীর্ঘদিন ধরে কানাইঘাট ও জকিগঞ্জের বিভিন্ন এলাকার বসতভিটা, কৃষিজমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে রয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী জনপদে নদীভাঙনের কারণে মানুষ ঘরবাড়ি ও জমিজমা হারাচ্ছেন। একই সঙ্গে দেশের ভূখণ্ডের সীমানা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

এ অবস্থায় ১৭টি ঝুঁকিপূর্ণ স্থানে নদীতীর সংরক্ষণের উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। তবে প্রকল্পের সুফল পেতে নির্ধারিত সময়ে কাজ শেষ করা এবং চিহ্নিত এলাকাগুলো যথাযথভাবে সুরক্ষিত করা জরুরি।