
সিলেটে রাষ্ট্রপতির সফর ঘিরে মূল সড়কের ডিভাইডারগুলোতে দেওয়া হচ্ছে রঙের নতুন প্রলেপ। ঝটপট আয়োজনে কালো ও হলুদের এই প্রলেপে বদলাচ্ছে নগরের রূপ।
সরেজমিনে দেখা যায়, নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে প্রস্তুত করা হচ্ছে সড়কের আইল্যান্ড ও ডিভাইডার। সেখানে রংমিস্ত্রিদের তুলির টানে দৃশ্যপট বদলে যাওয়ার ছবি ধরা পড়ছে পথচারীদের চোখে। রাষ্ট্রপতির এই আগমন কেন্দ্র করেই নগরের প্রধান রুটগুলোতে চলছে সুনিপুণ সাজসজ্জার কাজ।
রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আগামী মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক দিনের সংক্ষিপ্ত সফরে সিলেটে আসছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফর ঘিরে কেবল ডিভাইডারই নয়, কিন ব্রিজে আলোকসজ্জা, সার্কিট হাউস ও হযরত শাহজালাল (রহ.)-এর মাজার এলাকায় শেষ মুহূর্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
প্রটোকল অনুযায়ী, মঙ্গলবার সকাল ১১টা ১৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন রাষ্ট্রপতি। সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। বিকেলে সিলেট সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
সফরটি শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।