
প্রান্তিক ও অসহায় মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা, দায়িত্ববোধ ও মানবিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান।
তিনি বলেন, “গ্রাম আদালত প্রান্তিক মানুষের সহজ ও স্বল্প ব্যয়ে বিচার পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। একজন মানুষ ন্যায়বিচারের প্রত্যাশা নিয়ে যখন আমাদের কাছে আসেন, তখন তার প্রতি আন্তরিকতা ও দায়িত্বশীলতা প্রদর্শন করা আমাদের কর্তব্য। জনগণের বিচারিক সেবা নিশ্চিত করতে আমরা সবাই গ্রাম আদালত সক্রিয়করণ নিয়ে কাজ করছি। সরকার গ্রাম আদালতের কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব করতে ডিজিটাল পদ্ধতির আওতায় আনার উদ্যোগ নিয়েছে।”
তিনি আরও বলেন, “এই উদ্যোগের সফলতা অনেকটাই নির্ভর করবে ইউনিয়ন পরিষদে কর্মরত এএসিও/ইউপিএওদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার ওপর। তারা এ কাজকে কতটা গুরুত্ব দিয়ে করছেন, তা অবশ্যই গুরুত্বের সঙ্গে দেখতে হবে। দায়িত্ব ও কাজের প্রতি আন্তরিক না হলে কাঙ্ক্ষিত সেবার মান নিশ্চিত করা সম্ভব নয়। শুধু প্রশিক্ষণ গ্রহণ করলেই হবে না, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে। মনে রাখতে হবে, আমাদের একটি দায়িত্বশীল পদক্ষেপ একজন প্রান্তিক মানুষের ন্যায়বিচার পাওয়ার পথকে সহজ করে দিতে পারে। আমরা সবাই যদি নিজেদের দায়িত্বকে শুধু চাকরি হিসেবে নয়, মানুষের সেবা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার দায়িত্ব হিসেবে গ্রহণ করি, তাহলে গ্রাম আদালত সাধারণ মানুষের আস্থার একটি শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত হবে।”
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে সিলেট শাহজালাল উপশহরস্থ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে ‘গ্রাম আদালত তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি’ বিষয়ক দুই দিনব্যাপী আবাসিক ৫ম ব্যাচের প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্পের সিলেট জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার শওকত হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলার স্থানীয় সরকারের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মাসুদ রানা।
প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ আব্দুর রউফ শাহ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ, ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপি বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়নাধীন ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্প’-এর আওতায় সিলেট জেলায় স্থানীয় সরকার বিভাগের আয়োজনে এবং সিলেট জেলা প্রশাসনের সহযোগিতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।