
গ্রামাঞ্চলের গৃহস্থালিতে ধান সংরক্ষণের চিরচেনা গোলার আড়ালে গড়ে তোলা হয়েছিল মাদকের মিনি গোডাউন। তবে শেষ রক্ষা হয়নি পুলিশের বিশেষ অভিযানে সেই ধানের গোলার ভেতর থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ নিষিদ্ধ ভারতীয় মাদক। সিলেটের গোয়াইনঘাট উপজেলায় প্রায় ২৪ লাখ টাকা মূল্যের ১ হাজার ২০৫ বোতল ফেনসিডিলসহ কুটিনা বেগম (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের পাতনী গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তার কুটিনা বেগম ওই গ্রামের তেরা মিয়ার স্ত্রী। পুলিশ জানায়, রুস্তমপুর কলেজ সংলগ্ন পাতনী এলাকায় ভারত সীমান্তঘেঁষা মাদকের একটি বড় চালান জমা করে রাখা হয়েছে বলে খবর পায় পুলিশ। এই তথ্যের ভিত্তিতে গোয়াইনঘাট থানার সেকেন্ড অফিসার তানভীর ফয়েজ, এসআই সুবিনয়, এএসআই অনুপম ও লোকমানসহ পুলিশের একটি বিশেষ টিম তেরা মিয়ার বসতবাড়িতে ঝটিকা অভিযান চালায়।
অভিযানকালে বাহ্যিকভাবে ধান রাখার সাধারণ গোলা মনে হলেও সন্দেহভাজন স্থানটিতে তল্লাশি চালায় পুলিশ। পরবর্তীতে ধানের গোলায় গড়ে তোলা সেই গোপন গোডাউন থেকে ১ হাজার ২০৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ ১০ হাজার টাকা। এ সময় ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ততায় কুটিনা বেগমকে গ্রেপ্তার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, চোরাচালান ও মাদকের বিস্তার রোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।