
অনিয়ন্ত্রিতভাবে ড্রেজার বসিয়ে নদী থেকে বালু উত্তোলনের কারণে তীব্র নদীভাঙনের মুখে পড়েছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার দুটি গ্রাম। আবাদি জমি রক্ষা ও অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে নদীর তীরে দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের খাওইউড়া সংলগ্ন নদীর তীরে ‘হাতির পাড়া ও পুকাশ গ্রামবাসী’র ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ক্ষতিগ্রস্ত এলাকার শত শত কৃষক ও সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়দের অভিযোগ, কোনো ধরনের ইজারা ছাড়াই এলাকার একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে ড্রেজার দিয়ে দিনরাত বালু তুলছে। অনিয়ন্ত্রিতভাবে বালু তোলায় নদীর তীরের শত শত একর কৃষিজমি ধসে বিলীন হয়ে যাচ্ছে। এতে অনেক পরিবার নিঃস্ব হয়ে পড়ছে। দ্রুত বালু তোলা বন্ধ না করা গেলে পুরো এলাকার ফসলি জমি নদীগর্ভে হারিয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছেন তারা।
কর্মসূচিতে ইউপি সদস্য মাসুক আহমদ অভিযোগ করে বলেন, ফারুক, হামিদ, সয়ফুল ও আবজলের নেতৃত্বে একটি চক্র এই অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত। ড্রেজার দিয়ে বালু তোলার কারণে কৃষকদের আয়ের শেষ সম্বলটুকুও নদীগর্ভে চলে যাচ্ছে। ড্রেজার অপসারণ ও অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা না নেওয়া হলে পরবর্তীতে আরও কড়া কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন এলাকার মুরব্বি আবু বক্কর, আব্দুল আজিজ, আব্দুল কাদির, আব্দুর নুর, বদরুল ইসলাম ও ইজ্জত উল্লাহ। বক্তারা নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ ও অবৈধ বালু উত্তোলন বন্ধে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের জরুরি হস্তক্ষেপ দাবি জানান।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।