
পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে সিলেটের জকিগঞ্জে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার উদ্যোগে হাজারো ছাত্র-জনতার অংশগ্রহণে বর্ণাঢ্য মুবারক র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিতে নাতে রাসুলের সুরে মুখরিত হয়ে ওঠে জকিগঞ্জ পৌর শহরের রাজপথ।
রোববার (৬ সেপ্টেম্বর) জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদরাসার কনফারেন্স হলে সকাল ১১টা থেকে জোহরের নামাজের পূর্ব পর্যন্ত আলোচনা সভা, সীরাত বিষয়ক মেধা যাচাই প্রতিযোগিতায় বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। পরে বাদ জোহর মাদরাসা প্রাঙ্গণ থেকে মুবারক র্যালি বের করা হয়। র্যালিটি জকিগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদরাসা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
র্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের হাতে ছিল কালেমা খচিত ফেস্টুন ও জাতীয় পতাকা। শিল্পীদের কণ্ঠে ‘সালাম সালাম-নবী হাজার সালাম’, ‘শামসুদ্দোহা আসসালাম’, ‘বালাগাল উলা বিকামালিহি’, ‘তালাআল বাদরু আলাইনা’ ও ‘ইয়া নবী সালামু আলাইকা’সহ বিভিন্ন নাতে রাসুল পরিবেশিত হয়। এতে নাতে রাসুলের সুরে মুখরিত হয়ে ওঠে জকিগঞ্জের রাজপথ।
র্যালিপূর্ব আলোচনা সভা ও সীরাত বিষয়ক মেধা যাচাই পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাবলি আলোচনার পাশাপাশি তাঁর সুমহান আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। রাসুল (সা.)-এর সুমহান আদর্শ ছাড়া সুন্দর সমাজ ও রাষ্ট্র গঠন কখনো সম্ভব নয়। এজন্য তাঁর জীবনী তথা সীরাত পাঠকে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে।
তিনি বলেন, মানবতার মুক্তি রাসুল (সা.)-এর অনুসরণের মাঝেই নিহিত। সীরাত পাঠের মাধ্যমে রাসুল (সা.)-এর জীবনের বিভিন্ন দিক সম্পর্কে জেনে তাঁর অনুসরণের প্রতি মানুষ আরও উদ্বুদ্ধ হবে। রাসুল (সা.)-এর ভালোবাসা ও অনুসরণকে জীবনের পুঁজি হিসেবে গ্রহণ করতে হবে। এর মধ্যেই জীবনের কাঙ্ক্ষিত সফলতা নিহিত।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমাদ উদ্দিন তালুকদার।
জকিগঞ্জ উপজেলা তালামীযে ইসলামিয়ার সভাপতি রিয়াদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমদুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা এখলাছুর রহমান, সংগঠনের সিলেট পূর্ব জেলা সভাপতি আবু ছায়িদ মো. আশিক, জকিগঞ্জ উপজেলা আল ইসলাহর সহসভাপতি মাওলানা মো. ইমাদ উদ্দীন, মাওলানা ফারুক আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা কুতবুল আলম, জকিগঞ্জ পৌর আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা সেলিম আহমদ, জকিগঞ্জ উপজেলা আল ইসলাহর সহসাধারণ সম্পাদক মাওলানা ফদ্বলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল বাছিত, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, জকিগঞ্জ উপজেলা আল ইসলাহর সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. জুবায়ের আহমদ, জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা সাদিকুর রহমান, সংগঠনের সিলেট পূর্ব জেলা সহসাংগঠনিক সম্পাদক আলিম উদ্দিন, সহপ্রশিক্ষণ সম্পাদক আবু হানিফ মো. নায়িম, আহমদ হোসাইন আইমান ও সদস্য মো. খলিলুর রহমান।
এ সময় সংগঠনের জকিগঞ্জ পৌর সভাপতি দিলশাদ আনোয়ার, জকিগঞ্জ উপজেলা আল ইসলাহর প্রচার সম্পাদক মাওলানা ময়নুল হক, সহপ্রচার সম্পাদক মাওলানা হাবিবুর রহমান হালিম, ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড জকিগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আলী হোসেন, সংগঠনের জকিগঞ্জ উপজেলার সাবেক সভাপতি সাদিকুর রহমান, সাবেক সহসভাপতি মাওলানা কবির আহমদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের জকিগঞ্জ উপজেলা সহসভাপতি মো. খাইরুল ইসলাম, জকিগঞ্জ পৌর সহসভাপতি মাহফুজ আহমদ ও মারুফ আহমদ, হাবিবুর রহমান সায়েম, সাধারণ সম্পাদক তাহমিদ আহমদ, সহসাধারণ সম্পাদক জুয়েল আহমদ, জকিগঞ্জ উপজেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ, জকিগঞ্জ পৌর সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা, সহসাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, জকিগঞ্জ উপজেলা সহসাংগঠনিক সম্পাদক মোফাজ্জল আহমদ, প্রচার সম্পাদক সাদিকুল ইসলাম তুহিন, জকিগঞ্জ পৌর প্রচার সম্পাদক জুনেদ আহমদ, সহপ্রচার সম্পাদক সাব্বির আহমদ, অর্থ সম্পাদক ছুন্নাহ আহমদ, জকিগঞ্জ উপজেলা অফিস সম্পাদক হাসান আহমদ ও জকিগঞ্জ পৌর অফিস সম্পাদক আফজল হোসেন প্রমুখ।
উল্লেখ্য, সীরাত বিষয়ক মেধা যাচাই প্রতিযোগিতায় ৬১৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৫৮ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। বৃত্তি হিসেবে মোট ৮০ হাজার টাকা প্রদান করা হয়।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।