
বছরের পর বছর প্রবাস জীবনের কষ্ট কাটিয়ে অবশেষে প্রিয়জনদের কাছে ফেরার প্রহর গুনছিলেন তারা। সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে তায়েফের আল-খুরমা এলাকায় জেদ্দা বিমানবন্দরগামী একটি কার দুর্ঘটনায় চার প্রবাসী নিহত হন। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে, যাদের বাড়ি সিলেট ও সুনামগঞ্জে।
নিহত প্রবাসীদের মধ্যে দুজন সিলেটের কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের লামার তালুক গ্রামের করিম উদ্দিন ও খালিদ মিয়া। অন্যজন সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের বর্মাউত্তর গ্রামের বাসিন্দা আমীন উদ্দিন। দুর্ঘটনাকবলিত গাড়িতে থাকা চতুর্থ প্রবাসীর নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।
সুনামগঞ্জের নিহত আমীন উদ্দিনের ভাতিজা শেখ করিম নিশ্চিত করেছেন, সৌদি আরব থেকে দেশে ফেরার উদ্দেশ্যেই তায়েফ থেকে গাড়িতে করে জেদ্দা বিমানবন্দরে যাচ্ছিলেন তার চাচা। পথে আল-খুরমা মহাসড়কে তাদের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। প্রবাস জীবনের নানা ত্যাগ, কষ্ট ও সফলতার গল্প পেরিয়ে দেশে বাড়ি বানানোর স্বপ্ন নিয়ে ফেরার পথেই তার প্রাণ যায়।
অন্যদিকে কানাইঘাটের দুই প্রবাসীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য লোকমান উদ্দিন জানান, লামার তালুক গ্রামের বাসিন্দা করিম উদ্দিন ও খালিদ মিয়া জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি দিয়েছিলেন। দেশে ফিরতে দুজনেই একসাথে জেদ্দা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন। দুই প্রবাসীর লাশের জন্য পরিবারের পক্ষ থেকে আকুতি জানানো হয়েছে। লোকমান উদ্দিন বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করে পরিবার দুটিকে সহায়তার আশ্বাস দিয়েছেন।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।