
মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে আহত অবস্থায় ভারতীয় এক চোরাকারবারিকে আটক করা হয়েছে। তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৫০০ পিস ইয়াবা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার কুমারশাইল সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তির নাম বলাই দাস।
বিজিবি জানায়, সীমান্ত দিয়ে অস্ত্র ও মাদক প্রবেশের প্রস্তুতির খবর পেয়ে কুমারশাইল এলাকায় বিশেষ টহলদল পাঠানো হয়। সেখানে সন্দেহভাজন একটি চোরাকারবারি দলের গতিবিধি দেখতে পেয়ে তাদের থামার নির্দেশ দেন বিজিবি সদস্যরা।
এ সময় চোরাকারবারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে জানিয়েছেন বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান। পরিস্থিতিতে আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় বিজিবিও।
গোলাগুলির একপর্যায়ে দলের অন্য সদস্যরা সীমান্তের দিকে পালিয়ে গেলেও আহত অবস্থায় বলাই দাসকে আটক করা হয়। পরে তার কাছে তল্লাশি চালিয়ে পাওয়া যায় বিদেশি একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৫০০ পিস ইয়াবা।
বিজিবির অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন ভারতীয় একটি চোরাকারবারি দল কুমারশাইল সীমান্ত দিয়ে বাংলাদেশে অস্ত্র ও মাদক ঢোকানোর চেষ্টা করছে। সেই তথ্যের ভিত্তিতেই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
আহত বলাই দাস বর্তমানে বিজিবির হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সীমান্ত দিয়ে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।