
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক দেশের প্রতিটি মাদ্রাসায় নারী শিক্ষার্থীদের ফুটবল দল গঠনের নির্দেশনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রসংগঠন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া। বোর্ড কর্তৃক সম্প্রতি দেওয়া এই নির্দেশনাকে ‘অবিবেচনাপ্রসূত’ আখ্যা দিয়ে তা অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে এক যৌথ বিবৃতিতে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন ও সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন এ সিদ্ধান্তের প্রতিবাদ জানান। এর আগে গত ২১ জুলাই ‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর জন্য দেশের প্রতিটি মাদ্রাসায় চারটি ফুটবল দল গঠনের নির্দেশনা দিয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করে মাদ্রাসা শিক্ষা বোর্ড। ওই বিজ্ঞপ্তিতে নির্দেশিত চারটি দলের মধ্যে দুটি দল ছাত্রীদের নিয়ে গঠনের কথা উল্লেখ করা হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মাদ্রাসা শিক্ষা একটি স্বতন্ত্র আদর্শ, ধর্মীয় মূল্যবোধ ও ইসলামী শিক্ষার ভিত্তিতে পরিচালিত বিশেষায়িত শিক্ষাব্যবস্থা। তাই এর পরিবেশ, সহশিক্ষামূলক উদ্যোগ ও সার্বিক কার্যক্রম ইসলামী শরিয়তের নীতিমালা এবং মাদ্রাসার স্বকীয়তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া আবশ্যক।
বিবৃতিতে শরিয়তের বিধানের উল্লেখ করে বলা হয়, ইসলামী শরিয়তে নারীর পর্দা, লজ্জাশীলতা ও মর্যাদা সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পবিত্র কোরআনের সূরা আন-নূর ও সূরা আল-আহযাবে ঈমানদার নারীদের পর্দা রক্ষা, দৃষ্টি সংযত রাখা ও শালীনতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একইভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নারীর পর্দা ও মর্যাদা রক্ষার বিষয়টি স্পষ্টভাবে বর্ণনা করেছেন। ওলামায়ে কেরামের মতে, পর্দার বিধান ও ইসলামী আদর্শের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এমন যেকোনো কর্মকাণ্ড পরিহার করা জরুরি। এই প্রেক্ষাপটে, ছাত্রীদের ফুটবল দল গঠনের সিদ্ধান্ত মাদ্রাসা শিক্ষার ধর্মীয় চরিত্র ও শরিয়তের নীতিমালার সম্পূর্ণ বিপরীত।
বিবৃতিতে মাদ্রাসা শিক্ষার স্বাতন্ত্র্য ও ধর্মীয় বিধান বিবেচনায় নিয়ে বিজ্ঞপ্তির ওই অংশটি অবিলম্বে বাতিলের জন্য মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রতি অনুরোধ জানানো হয়। একই সঙ্গে মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা ও ইসলামী ভাবাদর্শ সংরক্ষণে দেশের আলেম-ওলামা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ ও সোচ্চার হওয়ার আহ্বান জানান সংগঠনটির শীর্ষ নেতারা।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।