পড়াশোনা শেষ করে নিজেকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, বিশ্ববাজারের চাহিদা অনুযায়ী দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে এবং শিক্ষিত বেকারের সংখ্যা কমাতে লেখাপড়ার পাশাপাশি দক্ষ মানবসম্পদ তৈরির কোনো বিকল্প নেই।
শনিবার (১৬ মে) দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এর আগে তিনি প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে তোয়াকুল কলেজের আশ্রয়ণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং রুস্তমপুর ইউনিয়নের পিয়াইন নাতারখাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, দক্ষ শ্রমিক তৈরি করতে যুগোপযোগী প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন এবং কর্মসংস্থানের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষাব্যবস্থার আধুনিকীকরণ অত্যন্ত জরুরি। দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে শিক্ষিত ও দক্ষ শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ বহুগুণ বেড়ে যায়। এলাকার প্রতিনিধিত্ব করতে হলে এলাকার সন্তানদের উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হবে।
এলাকার উন্নয়নকে একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, “উন্নয়ন কাজ আটকে থাকবে না, ধারাবাহিকভাবে হবে। তবে আমাদের শিক্ষিত ও দক্ষ শ্রমিক তৈরিতে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। তবেই দেশে শিক্ষিত বেকারত্বের সংখ্যা কমবে এবং বিদেশে গিয়ে কাজ না পাওয়ার হতাশা ও বিভিন্ন রকম হয়রানি থেকে শ্রমিকরা মুক্তি পাবে।” এ লক্ষ্যে এলাকায় অন্তত চারটি ভাষা—ইংরেজি, আরবি, জাপানি ও কোরিয়ান শেখার জন্য ট্রেনিং সেন্টারের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন তিনি।
তোয়াকুল কলেজের আয়োজনে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী। তোয়াকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামসু উদ্দিন আল আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মহাপরিচালক রাকিব আল হাফিজ ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্যে আব্দুল হাকিম চৌধুরী এলাকার শিক্ষিত তরুণরা যাতে সহজে সরকারি চাকরি পায় এবং সরকারি খরচে বিদেশে যেতে পারে, সেই সুযোগ তৈরির দাবি জানান। একই সঙ্গে তিনি উপজেলার শ্রমজীবী মানুষের জীবিকার অন্যতম মাধ্যম পাথর কোয়ারিগুলো সনাতন পদ্ধতিতে খুলে দেওয়ার জন্য মন্ত্রীর প্রতি আহ্বান জানান।
সভায় শুভেচ্ছা বক্তব্য দেন তোয়াকুল কলেজের অধ্যক্ষ লোকমান শিকদার। তিনি শিক্ষাঙ্গনে কলেজের সার্বিক সফলতা ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পাশাপাশি যারা বিভিন্ন সময়ে ছোট-বড় অনুদান দিয়ে কলেজকে এগিয়ে নিয়েছেন এবং ব্যস্ততার মাঝেও অনুষ্ঠানে সময় দিয়েছেন, তাদের প্রতি ও মন্ত্রী আরিফুল হক চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তোয়াকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খালেদ আহমদ, দপ্তর সম্পাদক খায়রুল আমিন, উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক শাহজাহান সিদ্দিকী, কৃষক দলের সদস্য সচিব জিয়া উদ্দিন, তোয়াকুল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদির, উপজেলা পেশাজীবী পরিষদের সভাপতি নাছির উদ্দীন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান, যুবদল নেতা দেলোয়ার হোসেন রিপন, কলেজ পরিচালনা কমিটির সদস্য রুহুল আমীন, সমাজসেবী মখলিস এম রনি এবং ছাত্রদল নেতা শামসুজ্জামান দিপন, ইকবাল হোসেন ও জুয়েল আহমদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।