
নির্বাচনের সময় টাকা বহনের কোনো নির্দিষ্ট সীমা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, টাকার উৎস এবং ব্যবহারের খাত যদি বৈধ হয়, তবে ৫০ লাখ নয়, প্রয়োজনে ৫ কোটি টাকা বহনেও কোনো আইনি সমস্যা নেই।
আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নির্বাচনের সময় ব্যক্তিপর্যায়ে অর্থ পরিবহনের সুনির্দিষ্ট কোনো নীতিমালা আছে কি না, তা জানতে চাইলে সচিব এই ব্যাখ্যা দেন।
এর আগে আজ দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে ৫০ লাখ টাকাসহ সৈয়দপুর বিমানবন্দর থেকে আটক করে পুলিশ। ওই ঘটনার প্রেক্ষাপটে ইসি সচিবের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হয়।
আখতার আহমেদ বলেন, ‘টাকা যদি বৈধ হয় এবং এর উৎস যদি সঠিকভাবে দেখানো যায়, তবে এর কোনো সীমা নেই। ব্যক্তিগত প্রয়োজনে বা অন্য কোনো বৈধ কাজে একজন ব্যক্তি যত খুশি টাকা বহন করতে পারেন।’
তবে নির্বাচনের সময় এই অর্থের ব্যবহারের দিকে নজর রাখা হবে বলে জানান সচিব। তিনি বলেন, যদি ওই টাকা ভোটারদের প্রভাবিত করতে বা অন্য কোনো নির্বাচনি অপরাধে ব্যবহারের প্রমাণ পাওয়া যায়, তবে সংশ্লিষ্ট ‘নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি’ বিষয়টি খতিয়ে দেখবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
আর উদ্ধার হওয়া অর্থের উৎস যদি অবৈধ হয় বা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সংশ্লিষ্টতা থাকে, তবে সে ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী প্রচলিত আইন অনুযায়ী পদক্ষেপ নেবে বলেও জানান ইসি সচিব।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।