সন্তানদের ভালো শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ানোর জন্য জকিগঞ্জের অনেক পরিবারকে সিলেট শহরে বাসা ভাড়া নিয়ে থাকতে হয়। এতে বাড়তি অর্থ ব্যয়ের পাশাপাশি পরিবারগুলোকে নানা ধরনের ভোগান্তির মুখে পড়তে হয়। স্থানীয়ভাবে মানসম্মত শিক্ষার সুযোগ তৈরি করে এই পরিস্থিতির পরিবর্তন আনতে উদ্যোগ নিয়েছেন কয়েকজন শিক্ষানুরাগী। তাঁদের উদ্যোগে ২০২৭ শিক্ষাবর্ষ থেকে জকিগঞ্জে শিক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছে কিডস ভ্যালি ইংলিশ স্কুল।
প্রতিষ্ঠানটির প্রধান উদ্যোক্তা বাদেদেওরাইল ফুলতলী কামিল (এম.এ) মাদ্রাসার বাংলা বিভাগের সহকারী অধ্যাপক বদরুল আলম। প্রাথমিকভাবে প্রি-ওয়ান থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির পরিকল্পনা নিয়ে যাত্রা শুরু করছে প্রতিষ্ঠানটি। ভবিষ্যতে এটিকে একটি মানসম্মত কলেজে রূপান্তর করার লক্ষ্য রয়েছে উদ্যোক্তাদের।
সহকারী অধ্যাপক বদরুল আলম বলেন, ‘জকিগঞ্জের অনেক পরিবার শুধু সন্তানদের ভালো মানের শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ানোর জন্য সিলেট শহরে বাসা ভাড়া নিয়ে থাকছেন। তাঁদের বাড়তি বাসাভাড়া, যাতায়াত ও জীবনযাপনের খরচ বহন করতে হচ্ছে। আমরা যদি জকিগঞ্জেই মানসম্মত শিক্ষার সুযোগ তৈরি করতে পারি, তাহলে এত টাকা খরচ করে শুধু সন্তানদের পড়ালেখার জন্য শহরে থাকার প্রয়োজন হবে না।’
তিনি বলেন, জকিগঞ্জের শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক ও গুণগত পরিবর্তন আনার লক্ষ্য নিয়েই তাঁদের এই উদ্যোগ। প্রাথমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রমের মধ্য দিয়ে যাত্রা শুরু হলেও ভবিষ্যতে শিক্ষার পরিসর বাড়িয়ে একটি মানসম্মত কলেজ প্রতিষ্ঠা করতে চান তাঁরা।
প্রতিষ্ঠানটির প্রচারিত তথ্য অনুযায়ী, এটি ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচালনার পরিকল্পনা করা হয়েছে। আধুনিক ও যুগোপযোগী পাঠদান, দক্ষ শিক্ষক, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশ এবং নিরাপদ শিক্ষার পরিবেশ তৈরিতে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
জকিগঞ্জ পৌরসভার উপজেলা পরিষদের দক্ষিণ পাশে মেইন রোডসংলগ্ন এলাকায় প্রতিষ্ঠিত স্কুলটিতে থাকছে সুপরিসর ভবন, সুসজ্জিত ও খোলামেলা শ্রেণিকক্ষ, আধুনিক কম্পিউটার ও ডিজিটাল ল্যাব। শিক্ষার্থীদের নিরাপত্তায় সার্বক্ষণিক সিসি ক্যামেরা, উপস্থিতি নিশ্চিত করতে ডিজিটাল হাজিরা এবং অভিভাবকদের সঙ্গে যোগাযোগের জন্য ইনস্ট্যান্ট এসএমএস সার্ভিসের ব্যবস্থাও রাখা হয়েছে। এ ছাড়া নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও নিজস্ব পরিবহনব্যবস্থার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বাংলা ও ইংরেজি শিক্ষার পাশাপাশি সহিহ কোরআন শিক্ষার ব্যবস্থাও থাকছে। তিন বছর বয়সী শিশুদের ভর্তির সুযোগ রাখা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে এবং ৩ জানুয়ারি ২০২৭ থেকে ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে। ১৫ ডিসেম্বরের মধ্যে ভর্তি সম্পন্ন করলে আকর্ষণীয় উপহারের সঙ্গে একটি স্কুলব্যাগ বিনা মূল্যে দেওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
স্থানীয়ভাবে মানসম্মত শিক্ষার সুযোগ সম্প্রসারণের এ উদ্যোগ কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে পাঠদানের মান, শিক্ষক নির্বাচন, শিক্ষাক্রম ও ধারাবাহিক ব্যবস্থাপনার ওপর। তবে জকিগঞ্জে শিক্ষার নতুন পরিবেশ গড়ে তোলার পাশাপাশি ভবিষ্যতে কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা স্থানীয় শিক্ষা অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে।
ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে ০১৭৯৩-২০২০৬১ ও ০৯৬৩৯-২২৪৯৫০ নম্বরে। ই-মেইল: kves26@gmail.com। প্রতিষ্ঠানের অবস্থান উপজেলা পরিষদের দক্ষিণ পাশে, মেইন রোডসংলগ্ন, জকিগঞ্জ পৌরসভা, সিলেট।


