মূল কনটেন্টে যান
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

আসামে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মার


সবুজ প্রান্ত অনলাইন
সবুজ প্রান্ত অনলাইন
আসামে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মার

ভারতের আসামের শ্রীভূমি জেলায় ২৮ জন বাংলাদেশি নাগরিককে শনাক্ত করে নিজ দেশে ফেরত পাঠানোর দাবি করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

শনিবার (৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন। পোস্টে তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে আসামের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। সীমান্ত, রাজ্য ও নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশের সিলেটের জকিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী শ্রীভূমি জেলার পূর্বনাম ছিল করিমগঞ্জ। ২০২৪ সালের নভেম্বরে জেলাটির নাম পরিবর্তন করা হয়। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৫০ সালের ইমিগ্র্যান্টস (এক্সপালশন ফ্রম আসাম) আইনের আওতায় এসব বিতাড়ন অভিযান পরিচালিত হচ্ছে।

আসাম বিধানসভায় দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৬ সাল থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত রাজ্যটি থেকে ২ হাজার ৮৯ জন বিদেশি নাগরিককে পুশব্যাক বা বিতাড়িত করা হয়েছে। তাঁদের মধ্যে ২ হাজার ২৩ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে বলে দাবি করা হয়েছে।

এদিকে আসামের সঙ্গে বাংলাদেশের ২৬৭ দশমিক ৫ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে শ্রীভূমির কুশিয়ারা নদীসংলগ্ন ৪ দশমিক ৩৫ কিলোমিটার এলাকায় এখনো কাঁটাতারের বেড়া নির্মাণ সম্ভব হয়নি।

সাম্প্রতিক সময়ে আসামের বিভিন্ন এলাকায় সন্দেহভাজন বাংলাদেশি নাগরিকদের আটকের ঘটনাও ঘটেছে। এসব অভিযানের পদ্ধতি নিয়ে রাজ্যটির বিরোধী দলগুলো প্রশ্ন তুলেছে।