মূল কনটেন্টে যান
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

জকিগঞ্জ ব্যাটালিয়নের অভিযানে ৪২ লাখ টাকার ভারতীয় মদসহ অবৈধ পণ্য জব্দ


জকিগঞ্জ ব্যাটালিয়নের অভিযানে ৪২ লাখ টাকার ভারতীয় মদসহ অবৈধ পণ্য জব্দ

সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৪২ লাখ ৫৪ হাজার ১০০ টাকা মূল্যের ভারতীয় মদসহ বিভিন্ন ধরনের অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৬৭০ বোতল ভারতীয় মদ, ৫ হাজার ৭০০ পিস আইভি ক্যানুলা, ৬৯০ কেজি জিরা ও দুটি কম্বল।

রোববার (৮ নভেম্বর) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

বিজিবি জানায়, গত ৭ নভেম্বর দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সোনারখেওর বিওপির একটি বিশেষ টহলদল কানাইঘাট উপজেলার সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমবাগান এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৬৭০ বোতল ভারতীয় মদ ও দুটি কম্বল জব্দ করা হয়। এসব পণ্যের সিজারমূল্য ১০ লাখ ১৫ হাজার টাকা।

এ ছাড়া ৮ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর ও সুরাইঘাট বিওপির পৃথক দুটি আভিযানিক দল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৫ হাজার ৭০০ পিস ভারতীয় আইভি ক্যানুলা ও ৬৯০ কেজি জিরা জব্দ করা হয়। এসব পণ্যের সিজারমূল্য ৩২ লাখ ৩৯ হাজার ১০০ টাকা।

দুই দিনের এসব অভিযানে জব্দ করা পণ্যের মোট সিজারমূল্য ৪২ লাখ ৫৪ হাজার ১০০ টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানিয়েছে, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।