মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাজিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন আয়োজনের লক্ষ্যে আট সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। বড়লেখা পৌরসভার প্রশাসক নাঈমা নাদিয়ার অনুমোদনে এ কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের মধ্য দিয়ে দীর্ঘদিনের অপেক্ষার পর সমিতির নির্বাচন আয়োজনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে এগিয়ে গেল।
গত ২৫ জুন অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রশাসনের একজন সদস্যের সমন্বয়ে গঠিত কমিটির প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে বড়লেখা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্ণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীনকে। সদস্যসচিব করা হয়েছে বড়লেখা পৌরসভার প্রকৌশলী আব্দুল খালিককে।
কমিটির অন্য সদস্যরা হলেন হাজিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক হাজী আব্দুল গনি, সদস্যসচিব আব্দুল হক, উপজেলা জামায়াতের নায়েবে আমির ফয়ছল আহমদ, উপজেলা বিএনপি নেতা আব্দুল কাদির পলাশ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ ও জিল্লুর রহমান।
নির্বাচন পরিচালনা কমিটি বাজার ব্যবস্থাপনা-সংক্রান্ত প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান এবং ভোটার তালিকা প্রস্তুতের দায়িত্ব পালন করবে। ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে ২০২৬-২০২৭ অর্থবছরের হালনাগাদ ট্রেড লাইসেন্সের মূল কপি প্রদর্শন করতে হবে।
প্রাথমিক ভোটার তালিকা প্রকাশের পর কোনো আপত্তি থাকলে তা নিষ্পত্তি করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর আর কোনো আপত্তি গ্রহণ করা হবে না।
নির্বাচনের দিন ভোটারদের ব্যবসার অনুমতিপত্র অথবা ট্রেড লাইসেন্স সঙ্গে আনতে হবে। ভোটার তালিকার বাইরে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতিনিধি ভোট দিতে পারবেন না। একই ব্যক্তি একাধিকবার ভোট দিতে পারবেন না।
নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা জালিয়াতি প্রমাণিত হলে প্রচলিত সরকারি আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সিদ্ধান্তে উল্লেখ করা হয়েছে।
সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোটগ্রহণ শেষে ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচিত ও অনির্বাচিত কোনো ব্যক্তি ভোটকেন্দ্রে মিছিল করতে পারবেন না।
দীর্ঘদিন ধরে নির্বাচন নিয়ে অপেক্ষায় থাকা হাজিগঞ্জ বাজারের ব্যবসায়ীদের মধ্যে নির্বাচন পরিচালনা কমিটি গঠনের খবরে নতুন করে আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে। তবে ভোটার তালিকা চূড়ান্ত করার পরই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।



