মূল কনটেন্টে যান
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, শাড়ি ২৮৭ পিস


কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, শাড়ি ২৮৭ পিস

সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ প্রায় ৪১ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, চাদর, চশমা, প্রসাধনী, পাতার বিড়ি, খাসিয়া পান ও গরু।

বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীন জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক দল কানাইঘাট উপজেলার সিংগারখাল এলাকায় অভিযান চালায়। সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ২৮৭টি ভারতীয় শাড়ি, ৪২টি চাদর, ২ হাজার ২২০টি চশমা, ৫০০ পিস মেলব্রন ক্রিম ও ৫ হাজার ৪০ প্যাকেট পাতার বিড়ি জব্দ করা হয়। এসব পণ্যের সিজারমূল্য ৩৯ লাখ ৭১ হাজার টাকা।

এদিকে বুধবার (৪ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালায় লোভাছড়া ও গুয়াবাড়ী বিওপির বিশেষ আভিযানিক দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪৫ বিড়া ভারতীয় খাসিয়া পান ও দুটি গরু জব্দ করা হয়। এসব পণ্যের সিজারমূল্য ১ লাখ ১৩ হাজার ৫০০ টাকা।

দুটি অভিযানে জব্দ করা পণ্যের সর্বমোট সিজারমূল্য ৪০ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা। জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানিয়েছে, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারিসহ নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।