মূল কনটেন্টে যান
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

‎প্রতারণা থেকে বাঁচতে বড়লেখাবাসীকে পুলিশের ৮ পরামর্শ


বড়লেখা প্রতিনিধি
‎প্রতারণা থেকে বাঁচতে বড়লেখাবাসীকে পুলিশের ৮ পরামর্শ

অনলাইন ও মুঠোফোনে অর্থ ও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার আটটি কৌশলের কথা জানিয়ে বড়লেখার বাসিন্দাদের সতর্ক করেছে স্থানীয় থানা পুলিশ। ভুয়া পরিচয়ে ফাঁদ পাতা প্রতারক চক্রগুলোর হাত থেকে রক্ষা পেতে অপরিচিত বার্তা ও ফোনকলে সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

‎বড়লেখা থানা পুলিশের এক বার্তায় জানানো হয়েছে, চক্রগুলো সাধারণ মানুষকে ফাঁদে ফেলতে ভুয়া কাস্টমার কেয়ার, লটারি ও পুরস্কারের প্রলোভন দেখাচ্ছে। ভুল করে টাকা পাঠানোর দাবি, সন্দেহজনক লিংক পাঠানো এবং তাড়াহুড়ো করে আর্থিক লেনদেনে বাধ্য করার পদ্ধতিও ব্যবহার করা হচ্ছে। এর পাশাপাশি সরকারি কর্মকর্তা, পুলিশ বা সেনাবাহিনীর পরিচয় দেওয়া এবং বিদেশে থাকা আত্মীয় কিংবা পরিবারের কোনো সদস্য বিপদে পড়েছে বলে টাকা দাবি করার তথ্য পাওয়া গেছে।
‎এ ধরনের আর্থিক ক্ষতি এড়াতে যেকোনো অপরিচিত ব্যক্তির পরিচয় ও দাবির সত্যতা লেনদেনের আগে নিশ্চিত করার তাগিদ দিয়েছে পুলিশ। বিশেষ করে মুঠোফোন ব্যাংকিংয়ের গোপন পিন নম্বর, ওটিপি বা যেকোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকার ওপর জোর দেওয়া হয়েছে।

‎নিজের সুরক্ষার পাশাপাশি পরিবারের সদস্য ও পরিচিতদের সচেতন করার মাধ্যমেই প্রতারকদের এই তৎপরতা ঠেকানো সম্ভব বলে বার্তায় স্মরণ করিয়ে দেয় বড়লেখা থানা পুলিশ।