মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী সীমান্ত দিয়ে তিন দিনে প্রায় ৩০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ড্রোন নজরদারি, গোয়েন্দা তৎপরতা ও স্থানীয়দের সহযোগিতায় এসব চেষ্টা ব্যর্থ করা হয়।
রোববার (২৫ অক্টোবর) বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি সূত্রে জানা গেছে, গত ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বড়লেখা ও জুড়ী সীমান্তের দুর্গম পাহাড়ি ও বনাঞ্চল দিয়ে অবৈধভাবে লোকজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। এ সময় একজন ভারতীয় মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকেও বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। বিজিবির টহল দল দ্রুত পদক্ষেপ নিয়ে এসব চেষ্টা প্রতিহত করে।
৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দুর্গম এলাকায় নজরদারি জোরদার করতে ড্রোন ক্যামেরা ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি দিন-রাত টহল অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে ৫২ বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।


