মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

বড়লেখায় ৯০ টাকা নিয়ে বিরোধ, রডের আঘাতে দর্জি নিহত


বড়লেখা প্রতিনিধি
বড়লেখায় ৯০ টাকা নিয়ে বিরোধ, রডের আঘাতে দর্জি নিহত
ছবি : নিহত দর্জি আলিফ আহমদ

মৌলভীবাজারের বড়লেখায় মাত্র ৯০ টাকা পাওনা নিয়ে বিরোধের জেরে রডের আঘাতে আলিফ আহমদ (৫৫) নামে এক দর্জির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সায়পুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত দোকানদার ইমাম উদ্দিন পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

নিহত আলিফ আহমদ উপজেলার আতুয়া গ্রামের মৃত ওয়াছির আলীর ছেলে। সায়পুর এলাকায় তাঁর একটি টেইলার্সের দোকান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে পাশের দোকানদার ইমাম উদ্দিনের সঙ্গে ৯০ টাকা পাওনা নিয়ে আলিফ আহমদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে টাকা দিয়ে ফেরার সময় ইমাম উদ্দিন তাঁকে রড দিয়ে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে আলিফ মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক ইসকান্দার হাবিবুর রহমান মঙ্গলবার রাত ৮টার দিকে জানান, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ওই দর্জির মৃত্যু হয়েছে। তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত পালিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।