মূল কনটেন্টে যান
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে মোস্তাক আহমেদের মনোনয়ন বৈধ


মুরাদ মিয়া
তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে মোস্তাক আহমেদের মনোনয়ন বৈধ

প্রায় দেড় যুগ পর অনুষ্ঠিত হতে যাচ্ছে সুনামগঞ্জের তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের দ্বিবার্ষিক নির্বাচন। নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে বাড়ছে উৎসাহ-উদ্দীপনা। এরই মধ্যে সাধারণ সম্পাদক পদে মোস্তাক এন্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. মোস্তাক আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রধান নির্বাচন কমিশনার ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুনাব আলী তাঁর প্রার্থিতা বৈধ ঘোষণা করেন।

মনোনয়ন বৈধ হওয়ার পর মোস্তাক আহমদের কর্মী-সমর্থক ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আনন্দ-উদ্দীপনা দেখা গেছে। বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারাও তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

প্রার্থিতা বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় মো. মোস্তাক আহমদ বলেন, আলহামদুলিল্লাহ, নির্বাচন কমিশন যাচাই-বাছাই শেষে আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন। শুরু থেকেই নির্বাচনী নিয়মকানুন ও শিষ্টাচার মেনে চলার চেষ্টা করেছি। যারা পাশে থেকে সাহস ও সহযোগিতা জুগিয়েছেন, তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সব ব্যবসায়ী ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই।

তিনি আরও বলেন, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলে ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি ও অধিকার রক্ষা এবং ব্যবসা খাতের উন্নয়নে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। ব্যবসায়ীদের যেকোনো সংকট মোকাবিলায় অতীতের মতো ভবিষ্যতেও পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, মো. মোস্তাক আহমদ দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করে আসছেন। একজন পরোপকারী ও সমাজসেবক হিসেবে তাঁর পরিচিতি রয়েছে। সাধারণ সম্পাদক পদে তাঁর প্রার্থিতা বৈধ হওয়ায় ব্যবসায়ী মহলে নতুন করে আলোচনা ও প্রত্যাশা তৈরি হয়েছে। তাঁরা আশা করছেন, নির্বাচনে যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে সংগঠনের স্বচ্ছতা, গতিশীলতা ও ব্যবসায়ীবান্ধব কার্যক্রম আরও জোরদার হবে।