মূল কনটেন্টে যান
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

স্পিকারের জকিগঞ্জ সফর সামনে রেখে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শনে জেলা প্রশাসক

৩ ডিসেম্বর আসছেন স্পিকার, আটগ্রাম নৌকাঘাট, সাজিদ রাজার বাড়ি ও উপজেলা মাঠ ঘুরে দেখলেন জেলা প্রশাসক


নিজস্ব প্রতিবেদক
স্পিকারের জকিগঞ্জ সফর সামনে রেখে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শনে জেলা প্রশাসক
স্পিকারের সম্ভাব্য সফরকে সামনে রেখে জেলা প্রশাসকের সরেজমিন পরিদর্শন

মুক্তিযুদ্ধে দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে জকিগঞ্জের ঐতিহাসিক স্বীকৃতির দাবির মধ্যে আগামী ৩ ডিসেম্বর জাতীয় সংসদের স্পিকার বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সম্ভাব্য জকিগঞ্জ সফরকে কেন্দ্র করে প্রস্তুতি শুরু হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার জকিগঞ্জের মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. আয়েশা আক্তার এবং জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ।

জেলা প্রশাসক ও তাঁর সফরসঙ্গীরা আটগ্রাম নৌকাঘাটে শহীদ মুক্তিযোদ্ধাদের কবরস্থান, সাজিদ রাজার বাড়ি এবং জকিগঞ্জ উপজেলা মাঠ পরিদর্শন করেন। স্পিকারের সফর উপলক্ষে এসব স্থানের সার্বিক অবস্থা ও প্রস্তুতির বিষয়টি সরেজমিনে পর্যবেক্ষণ করেন তাঁরা।

এদিন জেলা প্রশাসকের জকিগঞ্জে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ের কথা থাকলেও সময়স্বল্পতার কারণে তা সম্ভব হয়নি। পরিদর্শন শেষে তিনি সিলেটে ফিরে যান।

এর আগে সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম আগামী ৩ ডিসেম্বর জকিগঞ্জ সফরে আসবেন। এ সফরে মুক্তিযুদ্ধে তাঁর স্মৃতিবিজড়িত স্থানগুলো পরিদর্শনের কথা রয়েছে। জাতীয় সংসদে স্পিকারের সঙ্গে সাক্ষাতের মাধ্যমে এ কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে বলেও তিনি জানান।

অন্যদিকে, জকিগঞ্জের স্থানীয় সংসদ সদস্য মুফতি আবুল হাসানের মিডিয়া সেলের পোস্টে জানানো হয়, জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম বক্তব্যে তিনি জকিগঞ্জকে একাত্তরের প্রথম মুক্তাঞ্চল এবং কানাইঘাটকে দ্বিতীয় মুক্তাঞ্চল হিসেবে ঘোষণার দাবি উত্থাপন করেন। তাঁর সেই দাবির পরিপ্রেক্ষিতে ১ ডিসেম্বর স্পিকার জকিগঞ্জকে মুক্তিযুদ্ধের প্রথম মুক্ত এলাকা হিসেবে ঘোষণা করবেন বলে পোস্টে উল্লেখ করা হয়।

স্থানীয় ইতিহাস অনুযায়ী, ১৯৭১ সালের ২১ নভেম্বর সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে জকিগঞ্জ হানাদারমুক্ত হয়। দিনটি স্থানীয়ভাবে ‘জকিগঞ্জ মুক্তাঞ্চল দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধা, স্থানীয় সংগঠন ও সচেতন নাগরিকেরা জকিগঞ্জকে দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে আসছেন।

স্পিকারের সম্ভাব্য সফর ও জেলা প্রশাসকের সরেজমিন পরিদর্শনকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। তাঁদের প্রত্যাশা, এ সফরের মধ্য দিয়ে জকিগঞ্জের মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস জাতীয় পর্যায়ে আরও গুরুত্ব পাবে এবং দীর্ঘদিনের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি বাস্তবায়নের পথ সুগম হবে।