সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন বলেছেন, সঠিক পরিসংখ্যান ছাড়া সঠিকভাবে কাজ করা কঠিন। অর্থনৈতিক শুমারির প্রতিবেদন সরকারের পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রকৃত চিত্র জানতে নির্ভরযোগ্য পরিসংখ্যানের বিকল্প নেই।
গত মঙ্গলবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর চূড়ান্ত প্রতিবেদন এবং বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার (Bangladesh Statistical Business Register) বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি ও অংশীজনদের অবহিতকরণবিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) বাস্তবায়নাধীন অর্থনৈতিক শুমারি ২০২৪-এর চূড়ান্ত প্রতিবেদন সম্পর্কে অবহিত করা এবং ব্যবসাপ্রতিষ্ঠানসংক্রান্ত পরিসংখ্যানভিত্তিক তথ্যভান্ডার সম্পর্কে সংশ্লিষ্টদের ধারণা দিতে জেলা পরিসংখ্যান কার্যালয়, সিলেট এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে স্বাগত বক্তব্য দেন দক্ষিণ সুরমা উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ইফতেখার মাহবুব চৌধুরী। অর্থনৈতিক শুমারি ২০২৪-এর চূড়ান্ত প্রতিবেদনের গুরুত্বপূর্ণ তথ্য ও মূল বিষয়গুলো উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক কামাল উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্যে বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়, সিলেটের যুগ্মপরিচালক মোহাম্মদ আজাদুর রহমান বিবিএসের বিভিন্ন জরিপ ও শুমারিতে সঠিক তথ্য প্রদানের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, পরিসংখ্যানভিত্তিক তথ্যের যথার্থতা নিশ্চিত করতে তথ্যদাতাদের আন্তরিকতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সেমিনার সঞ্চালনা করেন সিলেটের পরিসংখ্যান কর্মকর্তা সুব্রত রঞ্জন হাজরা। এতে একটি উন্মুক্ত আলোচনা পর্বও অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা অর্থনৈতিক শুমারির তথ্য, চূড়ান্ত প্রতিবেদন এবং বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টারের বিভিন্ন বিষয় নিয়ে মতামত ও আলোচনা করেন।
সেমিনারে সিলেট জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিশিষ্ট শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সিলেট বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


