পদোন্নতিজনিত বদলিতে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পদায়িত হয়েছেন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহ। তাঁর বিদায় উপলক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির উদ্যোগে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) আয়োজিত সংবর্ধনায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় বিদায় জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির আহ্বায়ক ও ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন।
এমপি নুরুলের বিরুদ্ধে ‘চাঁদা দাবির’ অভিযোগের প্রতিবাদে জেলা বিএনপির সংবাদ সম্মেলন৩ নভেম্বর ২০২৬প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অরূপ রতন সিংহ একজন যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে দোয়ারাবাজারে প্রশংসিত হয়েছেন। তাঁর কর্মদক্ষতা ও জনসেবামূলক ভূমিকা দোয়ারাবাজারবাসীর স্মৃতিতে অম্লান হয়ে থাকবে।
সংবর্ধিত অতিথি অরূপ রতন সিংহ বলেন, দায়িত্ব পালনকালে সংসদ সদস্য, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা পেয়েছেন। দোয়ারাবাজারের মানুষের ভালোবাসা ও সহযোগিতা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবেন।
বক্তারা বলেন, দেড় বছরের কর্মকালীন সময়ে অরূপ রতন সিংহ জনবান্ধব ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছেন। তাঁর উদ্যোগ ও আন্তরিকতায় উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক ও নান্দনিক কর্মকাণ্ড বাস্তবায়িত হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ কে এম আব্দুল্লাহ আল মামুন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সামছুল হক নমু ও আব্দুল বারী, উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খসরু, যুগ্ম আহ্বায়ক আব্দুল মানিক মাস্টারসহ জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।
উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন করের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন সংবর্ধনা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার।
এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


