মূল কনটেন্টে যান
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

জকিগঞ্জ জামায়াতের নেতৃত্বে আবারও মাওলানা জালাল উদ্দীন

রুকনদের প্রত্যক্ষ ভোটে পুনর্নির্বাচিত, দায়িত্ব পেলেন ২০২৭-২৮ সেশনের জন্য


জকিগঞ্জ জামায়াতের নেতৃত্বে আবারও মাওলানা জালাল উদ্দীন

সিলেট জেলা জামায়াতের অধীন উপজেলা ও পৌরসভা শাখার ২০২৭-২৮ সেশনের নবনির্বাচিত আমীরদের নাম ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে জকিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন বর্তমান আমীর মাওলানা জালাল উদ্দীন। রুকনদের প্রত্যক্ষ ভোটে তিনি আবারও সংগঠনটির উপজেলা শাখার নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে সিলেট নগরের বন্দরবাজারস্থ জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত দায়িত্বশীল সভায় নবনির্বাচিত আমীরদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান। তিনি নির্বাচিত আমীরদের নাম ঘোষণা করেন এবং তাঁদের শপথবাক্য পাঠ করান।

দলীয় সূত্র জানায়, সংগঠনের গঠনতন্ত্র ও নির্ধারিত সাংগঠনিক প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট উপজেলা ও পৌরসভার রুকনদের প্রত্যক্ষ ভোটে আমীর নির্বাচন সম্পন্ন হয়েছে। এরই ধারাবাহিকতায় জকিগঞ্জ উপজেলা জামায়াতের রুকনদের ভোটে মাওলানা জালাল উদ্দীন পুনরায় নির্বাচিত হন।

দলীয় সূত্রে জানা গেছে, ২০১৩ সালে প্রথমবারের মতো জকিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত হন মাওলানা জালাল উদ্দীন। এরপর থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন মেয়াদে তিনি এ দায়িত্ব পালন করে আসছেন। সর্বশেষ ২০২৫-২৬ সেশন পর্যন্ত দায়িত্ব পালনের পর এবার ২০২৭-২৮ সেশনের জন্যও তাঁর ওপর আস্থা রেখেছেন সংগঠনের সদস্যরা।

নবনির্বাচিত আমীরদের উদ্দেশে অনুষ্ঠানে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং দায়িত্ব নিষ্ঠা, সততা ও আমানতদারির সঙ্গে পালনের আহ্বান জানানো হয়।

দায়িত্বশীল সভায় সিলেট জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।