সিলেটের জকিগঞ্জে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিক জুবায়ের আহমদকে মুঠোফোনে ‘দেখে নেওয়ার’ হুমকি দেওয়ার অভিযোগের প্রেক্ষাপটে প্রশাসনের তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব।
সোমবার (১৬ নভেম্বর) বাদ আসর জকিগঞ্জ মিডিয়া সেন্টারে আয়োজিত জরুরি সভায় এই অবস্থান তুলে ধরা হয়। প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় দৈনিক ইনকিলাবের উপজেলা সংবাদদাতা জুবায়ের আহমদের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাবাজার পত্রিকার জকিগঞ্জ প্রতিনিধি আহসান হাবীব লায়েক।
সভায় অংশগ্রহণকারীরা হুমকির অভিযোগ খতিয়ে দেখা এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। তাঁদের বক্তব্য অনুযায়ী, কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা রক্ষা করা প্রশাসনের দায়িত্বের মধ্যে পড়ে।
প্রেসক্লাবের নেতৃবৃন্দ জানান, ভিন্ন গণমাধ্যম ও মতাদর্শে যুক্ত থাকলেও পেশাগত স্বার্থ ও নিরাপত্তার প্রশ্নে সাংবাদিকরা এক অবস্থানে রয়েছেন। জুবায়ের আহমদ প্রেসক্লাবের সভাপতি হওয়ায় তাঁর প্রতি আসা হুমকির বিষয়ে সংগঠনের সদস্যদের পাশাপাশি উপজেলার অন্যান্য গণমাধ্যমকর্মী সংহতি প্রকাশ করেছেন।
সভায় আরও বলা হয়, জনস্বার্থে তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে ভয়ভীতি দেখানো বা হুমকি দেওয়া গ্রহণযোগ্য নয়, এবং এ ধরনের ঘটনায় সংগঠন হিসেবে প্রেসক্লাব নীরব থাকতে পারে না।
আলোচনায় অংশ নেন প্রেসক্লাবের সহসভাপতি ও জাতীয় দৈনিক রূপালী বাংলাদেশের জকিগঞ্জ প্রতিনিধি আব্দুল মুকিত, কোষাধ্যক্ষ ও জকিগঞ্জের ডাক সম্পাদক তারেক আহমদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ও সীমান্ত জার্নালের সম্পাদক হাবিবুল্লাহ মিসবাহ, তথ্যপ্রযুক্তি সম্পাদক ও জকিগঞ্জ টিভির হেড অব নিউজ আহমদ হোসাইন আইমান, অফিস সম্পাদক ও জেড টিভির সম্পাদক আব্দুশ শহীদ শাকির এবং সাপ্তাহিক সবুজ প্রান্তের স্টাফ রিপোর্টার উবেদুল্লাহ তালুকদারসহ অন্যরা।


