মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

দীর্ঘ প্রতীক্ষার অবসান, সিলেটের ষষ্ঠ পৌরসভা হচ্ছে জৈন্তাপুর

নিকার সভায় অনুমোদন, নগরায়ণ ও নাগরিক সেবার নতুন সম্ভাবনা দেখছেন স্থানীয়রা


দীর্ঘ প্রতীক্ষার অবসান, সিলেটের ষষ্ঠ পৌরসভা হচ্ছে জৈন্তাপুর

সিলেট জেলায় নতুন একটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। জেলার সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলাকে পৌরসভায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে সিলেটে পৌরসভার সংখ্যা পাঁচ থেকে বেড়ে ছয়টিতে দাঁড়াচ্ছে। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে সরকারের এ সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা।

সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশের প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় জৈন্তাপুর পৌরসভা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়। একই সভায় বগুড়ার মোকামতলা পৌরসভা গঠনসহ নতুন দুটি থানা স্থাপন, একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়।

জৈন্তাপুরকে পৌরসভায় উন্নীত করার উদ্যোগের ধারাবাহিকতায় এর আগে গত ৯ জুলাই স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে উপজেলার নির্ধারিত পল্লি এলাকাগুলোকে শহর এলাকা ঘোষণার অভিপ্রায় জানানো হয়। পরবর্তী সময়ে ১৫ অক্টোবর এ বিষয়ে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। ১৭ অক্টোবর বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় তা প্রকাশিত হয়। এর মাধ্যমে পৌরসভা গঠনের আইনি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি আসে।

চূড়ান্ত প্রজ্ঞাপন অনুযায়ী, জৈন্তাপুর উপজেলার ১ নম্বর নিজপাট ও ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের নির্ধারিত এলাকাকে শহর এলাকা ঘোষণা করা হয়েছে। এর আওতায় নিজপাট ইউনিয়নের ডিবি হাওর, ঘিলাতৈল, গৌরিশংকর, নিজপাট, পূর্ব লক্ষীপ্রসাদ ও গুয়াবাড়ী মৌজা এবং জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী হাওর, মোয়াখাই, লামনীগ্রাম, মুক্তাপুর, বিরাইমারা হাওর ও ভিত্রিখেল মৌজার নির্ধারিত দাগ অন্তর্ভুক্ত রয়েছে।

জৈন্তাপুরকে পৌরসভায় উন্নীত করার উদ্যোগ বাস্তবায়নে স্থানীয় সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল ইসলাম চৌধুরীর ভূমিকার কথা উল্লেখ করছেন স্থানীয়রা। এ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাঁরা বলছেন, পৌরসভা গঠনের মধ্য দিয়ে জৈন্তাপুরের উন্নয়ন ও নাগরিক সেবা সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি হবে।

স্থানীয়দের প্রত্যাশা, পৌরসভা প্রতিষ্ঠার ফলে এলাকার সড়ক যোগাযোগ, পয়োনিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, সড়কবাতি, পরিচ্ছন্নতা ও বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন ঘটবে। পাশাপাশি পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের প্রসার, নতুন বিনিয়োগ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তবে এসব প্রত্যাশা বাস্তবায়নে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন ও কার্যকর পৌর প্রশাসন গড়ে তোলার ওপরও গুরুত্ব দিচ্ছেন তাঁরা।

উল্লেখ্য, জৈন্তাপুর যুক্ত হওয়ার আগে সিলেট জেলায় পাঁচটি পৌরসভা ছিল। এগুলো হলো কানাইঘাট, গোলাপগঞ্জ, জকিগঞ্জ, বিশ্বনাথ ও বিয়ানীবাজার। নতুন সিদ্ধান্তের ফলে জৈন্তাপুর হবে সিলেট জেলার ষষ্ঠ পৌরসভা।