সিলেটের জকিগঞ্জে হাফিজ আবুল কালাম (রহ.) হুফফাজুল কোরআন এসোসিয়েশনের উদ্যোগে হিফজুল কোরআন বৃত্তি প্রতিযোগিতা ও বৃত্তি বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে চারটি মাদরাসার ৪২ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতায় চারটি বিভাগে ২৪ জন শিক্ষার্থী বৃত্তির জন্য নির্বাচিত হয়।
রোববার (১৫ নভেম্বর) ইছামতি রফিকিয়া হাফিজিয়া ইবতেদায়ী মাদরাসায় সংগঠনটির ৮ম বৃত্তি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মাদরাসাগুলো হলো ইছামতি রফিকিয়া হাফিজিয়া ইবতেদায়ী মাদরাসা, নয়াবাজার হাফিজিয়া দাখিল মাদরাসা, কসকনকপুর লস্কর বাড়ি হাফিজিয়া মাদরাসা এবং শেখ আয়েশা খাতুন বড় বাড়ি হিফজুল কোরআন মাদরাসা। হিফজ ইবতেদায়ী, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও হিফজ তাকমিল এই চার বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এদিন ইছামতি রফিকিয়া হাফিজিয়া ইবতেদায়ী মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা সৈয়দ রফিকুল হক (রহ.) ও হাফিজ আবুল কালাম আজাদ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর নাতি, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়ার সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও আল হাবিব লতিফিয়া কমপ্লেক্সের চেয়ারম্যান মাওলানা মোস্তফা হাসান চৌধুরী গিলমান ফুলতলী। তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও বৃত্তির অর্থ তুলে দেন।
এ ছাড়া মাদরাসার ইবতেদায়ী বিভাগের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রতিটি শ্রেণি থেকে একজন করে মোট চারজন শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইছামতি কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আব্দুল বাছিত হাতিডহরী, ইছামতি রফিকিয়া হাফিজিয়া ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ জামিল আহমদ, শিক্ষক শিহাব উদ্দিন, হাফিজ মাওলানা নুরুল ইসলাম, হাফিজ মাজহারুল ইসলাম আলম, হাফিজ জাকির হোসেন, হাফিজ নজরুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, ২০১৮ সালে আত্মপ্রকাশের পর থেকে হাফিজ আবুল কালাম (রহ.) হুফফাজুল কোরআন এসোসিয়েশন প্রতিবছর হিফজুল কোরআন বৃত্তি প্রতিযোগিতার আয়োজন করে আসছে। এর মাধ্যমে কোরআনে হিফজরত শিক্ষার্থীদের মেধা বিকাশ ও উৎসাহিত করার ধারাবাহিক উদ্যোগ অব্যাহত রেখেছে সংগঠনটি।


