মূল কনটেন্টে যান
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

হবিগঞ্জে আইফোন ১১ ছিনিয়ে নিতে বন্ধুকে গলা কেটে হত্যা, পুলিশের হাতে গ্রেফতার অভিযুক্ত তরুণ


সবুজ প্রান্ত অনলাইন
সবুজ প্রান্ত অনলাইন
হবিগঞ্জে আইফোন ১১ ছিনিয়ে নিতে বন্ধুকে গলা কেটে হত্যা, পুলিশের হাতে গ্রেফতার অভিযুক্ত তরুণ
ছবি : পুলিশের হাতে গ্রেফতার অভিযুক্ত তরুণ সোহেল

হবিগঞ্জের নবীগঞ্জ থেকে লাখাইয়ে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন দুই বন্ধু তারেক মিয়া ও সাহেল। কাজের একপর্যায়ে তারেকের ব্যবহার করা প্রায় ৮৫ হাজার টাকা বাজারমূল্যের আইফোন ১১ ওপর লোভ জন্মায় সাহেলের। এই লোভের জেরে বন্ধুকে গলা কেটে হত্যার পর মরদেহ ডোবায় ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে সাহেলের বিরুদ্ধে। ঘটনার পাঁচ দিন পর প্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে গ্রেপ্তারের পর একটি ডোবা থেকে তারেকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

‎গত ২১ অক্টোবর রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে নবীগঞ্জ উপজেলার চৌশতপুর গ্রাম থেকে লাখাই উপজেলার ফুলবাড়িয়া গ্রামের সুরের রহমানের বাড়িতে যান সমবয়সী তারেক ও সাহেল। সেখানে নির্মাণকাজের সময় তারেকের কাছে থাকা দামি আইফোনটি হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করেন সাহেল। এর ধারাবাহিকতায় গত ২২ অক্টোবর রাতে কৌশলে তারেককে নির্জন স্থানে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়। পরে পরিচয় গোপনের উদ্দেশ্যে মরদেহটি পাশের একটি ডোবায় ফেলে পালিয়ে যান তিনি।

‎নিহত তারেক মিয়া নবীগঞ্জ উপজেলার চৌশতপুর গ্রামের মারফত উল্লাহর ছেলে এবং অভিযুক্ত সাহেল একই গ্রামের নুরুজ্জামান মিয়ার ছেলে। তারা দুজন পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

‎এদিকে নির্ধারিত সময়ে তারেক বাড়িতে বা কর্মস্থলে না ফেরায় পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে। খোঁজাখুঁজির একপর্যায়ে নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন স্বজনেরা। ওই জিডির সূত্র ধরে তদন্ত শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় সাহেলের অবস্থান শনাক্ত করে তাকে আটক করা হয়।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে বন্ধুকে হত্যার কথা স্বীকার করেছেন সাহেল। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে লাখাই ও নবীগঞ্জ থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে ফুলবাড়িয়া গ্রামের একটি ডোবা থেকে তারেকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

‎এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে এবং এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।