মূল কনটেন্টে যান
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

আমরা কারো লেজুর ছিলামও না, কারো লেজুরভিত্তিক সংগঠন নয়: মাওলানা হুছামুদ্দীন চৌধুরী


সবুজ প্রান্ত অনলাইন
সবুজ প্রান্ত অনলাইন
আমরা কারো লেজুর ছিলামও না, কারো লেজুরভিত্তিক সংগঠন নয়: মাওলানা হুছামুদ্দীন চৌধুরী
ছবি : সংগ্রহকৃত

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ কোনো লেজুরভিত্তিক সংগঠন নয় উল্লেখ করে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন, ‘আমরা কারো লেজুর ছিলামও না, কারো লেজুরভিত্তিক সংগঠন নয়। আমাদের গন্তব্য পাক মদিনা, আমাদের অনুসরণ হচ্ছে সাহাবায়ে কেরাম, তাবেয়ীন ও তাবে-তাবেয়ীনগণ।’

শনিবার (২৪ অক্টোবর) দপুরে সিলেটের বিশ্বনাথ পৌরশহরের একটি পার্টি সেন্টারে উপজেলা ও পৌর আল ইসলাহর যৌথ উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের আদর্শ ও পথচলার বিষয়ে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী বলেন, শাহজালাল (রহ.)-এর হুরমত রক্ষার জন্য জান কুরবান করতে তাঁরা প্রস্তুত এবং আউলিয়ায়ে কেরামের অনুসরণে তাকওয়ার ভিত্তিতে ঈমান-ইসলামের পাহারাদারের দায়িত্ব পালন করে আসছেন। হকের পথে চলতে গেলে সমালোচনা বা অপবাদ আসলেও তাতে পিছু হটার সুযোগ নেই বলে জানান তিনি।

বিশ্বনাথের রাজনৈতিক ও সামাজিক প্রসঙ্গে তিনি সব রাজনৈতিক দল, শিক্ষক, ব্যবসায়ী, সমাজসেবক ও জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নিজ নিজ অঙ্গন থেকে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে মুনাফেকী চরিত্র ও আকিদা পরিহার করে বিশ্বনাথকে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। সত্যের পথে চলার ক্ষেত্রে পূর্বসূরি বুজুর্গ ও ইমামদের আত্মত্যাগের ইতিহাস স্মরণ করিয়ে দেন তিনি।

উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা শামসুল ইসলাম ইকবাল ও পৌর সাধারণ সম্পাদক মাওলানা হেলাল আহমদের যৌথ সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন আল ইসলাহর কেন্দ্রীয় মহাসচিব মাওলানা একেএম মনোওর আলী, সিলেট জেলা সভাপতি মাওলানা আবু জাফর নোমান এবং অর্থ সম্পাদক তালুকদার ফয়জুল ইসলাম।

সম্মেলনে আরও বক্তব্য দেন লতিফিয়া ইমাম সোসাইটি রামপাশা ইউনিয়নের সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম, বিশ্বনাথ সদর ইউনিয়ন আল ইসলাহর সভাপতি হাফিজুর রহমান, রামপাশা ইউনিয়ন সভাপতি মাওলানা মনছুর আহমদ বিপ্লবী, দেওকলস ইউনিয়ন সভাপতি মাওলানা সাইদুল ইসলাম, উপজেলা আল ইসলাহর সহসভাপতি মাওলানা আকমল হোসাইন শাকুর, সহসাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দিন লতিফী, বিশ্বনাথ দক্ষিণ উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, পৌর তালামীযের সভাপতি মাওলানা আউয়াল হোসেন পারভেজ এবং সহসভাপতি ইসলাম উদ্দিন।