সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর ও অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় কৃপেশ রায় (৪০) নামের এক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে উপজেলার বাদাঘাট ইউনিয়নের রাজারগাঁও গ্রামসহ আশপাশের এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ মোতায়েন করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (২৫ অক্টোবর) কৃপেশ রায়ের নিজস্ব ফেসবুক আইডি থেকে মহানবী (সা.)-কে নিয়ে একটি অবমাননাকর পোস্ট করা হয়। ওই গ্রামের শ্রী ক্ষিতীন্দ্র চন্দ্র রায়ের ছেলে কৃপেশ রায় রাজারগাঁও গ্রামের বাসিন্দা। পোস্টটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
এদিকে অভিযুক্ত কৃপেশ রায় শুরু থেকেই এই ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন। তার দাবি, পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে একই গ্রামের তার আপন চাচাতো ভাই পন্টি রায় তাকে ফাঁসানোর উদ্দেশ্যে তার ফেসবুক আইডি ব্যবহার করে ওই পোস্ট দিয়েছে। এই বিষয়ে আইনি সুরক্ষা পেতে সোমবার সকালে কৃপেশ রায় নিজে বাদী হয়ে তাহিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরিস্থিতি শান্ত রাখতে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিরা উদ্যোগ নেন। তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুনাব আলী জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে গ্রামবাসীর সঙ্গে বৈঠক করা হয়েছে। এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এলাকাবাসীও তাতে সম্মত হয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ জানান, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় অভিযুক্ত কৃপেশ রায়কে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইডি হ্যাক হয়েছিল কি না বা অন্য কেউ এটি ব্যবহার করেছে কি না, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজারগাঁও গ্রামে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পুরো বিষয়টি তদন্তাধীন।



