জকিগঞ্জে জায়গা-সম্পত্তি নিজের নামে লিখে দেওয়া ও টাকা চাওয়াকে কেন্দ্র করে ছেলের হামলায় পিয়ারা বেগম (৬৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আড়াই বছরের শিশুসহ পরিবারের আরও চারজন আহত হয়েছেন। এ ঘটনায় প্রধান অভিযুক্ত ছেলে সুমন আহমদকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত পিয়ারা বেগম জকিগঞ্জ পৌর এলাকার পঙ্গবট গ্রামের মৃত ফয়জুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার সৎমা কুটিনা বেগমকে (৪৫) রুইল দিয়ে আঘাত করেন সুমন। পরদিন শনিবার রাত ১১টার দিকে টাকা ও জায়গা-সম্পত্তি নিয়ে বিরোধের জেরে তিনি আবারও পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। এতে পিয়ারা বেগম, কুটিনা বেগম, তাঁর ছেলে শাহীন আহমদ (৩৮), পুত্রবধূ শাহানা বেগম (৩২) এবং আড়াই বছরের নাতনি ইসরাত জাহান আহত হন।
বিশ্বনাথ সদর ইউপি নির্বাচনে ৪নং ওয়ার্ডে মেম্বার পদে নির্বাচন করবেন সাংবাদিক মশিউর২৬ অক্টোবর ২০২৬আহত ব্যক্তিদের প্রথমে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার মধ্যরাতে পিয়ারা বেগম মারা যান।
এ ঘটনায় শাহীন আহমদ বাদী হয়ে সুমন আহমদ ও অপর ভাই শামীম আহমদকে (৪৭) আসামি করে মামলা করেছেন।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ঘটনার পরপরই সুমনকে তাঁর বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়। রোববার আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পিয়ারা বেগমের মৃত্যুর ঘটনায় মামলায় হত্যা-সংক্রান্ত ধারা সংযোজন করা হবে।

