সিলেটে দিনদুপুরে তিন বছরের শিশুর গলায় ছুরি ধরে এক কলেজ শিক্ষকের কাছ থেকে নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। শনিবার (৪ এপ্রিল) বিকেলে নগরের আম্বরখানা থেকে শাহী ঈদগাহ যাওয়ার পথে সিএনজিচালিত অটোরিকশার ভেতর এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওহি আলম রেজা বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের বাংলা সাহিত্যের প্রভাষক।
ভুক্তভোগী সূত্রে জানা গেছে, শনিবার পৌনে তিনটার দিকে ওহি আলম রেজা তার তিন বছরের ছেলেকে নিয়ে আম্বরখানা থেকে শাহী ঈদগাহ যাওয়ার উদ্দেশ্যে একটি অটোরিকশায় ওঠেন। ওই অটোরিকশায় চালক ছাড়াও আগে থেকে একজন যাত্রী বসা ছিলেন। যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই আরও একজন যাত্রী ওই অটোরিকশায় ওঠেন। কিছু দূর যাওয়ার পর হঠাৎ ওই যাত্রী ওহি আলমের শিশু সন্তানের গলায় চাকু ধরে তাকে চুপ থাকার নির্দেশ দেয়। বাবা রেজা আতঙ্কিত হয়ে ছেলেকে জড়িয়ে ধরলে ছিনতাইকারীরা তার পকেট থেকে নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। শাহী ঈদগাহে নামিয়ে দেওয়ার কথা থাকলেও চালক আরও কিছুটা পথ সামনে গিয়ে তাকে নামিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে শিক্ষক ওহি আলম রেজা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই ঘটনার বিবরণ দিলে মুহূর্তেই তা ভাইরাল হয় এবং নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই সিলেটে সাম্প্রতিক সময়ে ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
কানাইঘাটের সড়কের বাজারে এক রাতেই চার দোকানে চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ১৮ নভেম্বর ২০২৬বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, ভুক্তভোগী শিক্ষক থানায় এসে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তাকে সাথে নিয়ে তদন্ত শুরু করেছে। জড়িত ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


