মূল কনটেন্টে যান
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

কানাইঘাটের সড়কের বাজারে এক রাতেই চার দোকানে চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ


কানাইঘাটের সড়কের বাজারে এক রাতেই চার দোকানে চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ

সিলেটের কানাইঘাট উপজেলার সড়কের বাজারে এক রাতেই চারটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। গত ১৬ নভেম্বর গভীর রাতে বাজারের রসমেলা, মেরিডিয়ান ফুডস, ছয় ভাই রেস্টুরেন্ট ও মর্ডাণ রেস্টুরেন্টে এ চুরির ঘটনা ঘটে। এতে বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

স্থানীয় ব্যবসায়ীদের ধারণা, চোরেরা দোকানগুলো থেকে নগদ টাকাসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে। তবে কী পরিমাণ অর্থ ও মালামাল চুরি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

একই রাতে পাশাপাশি চারটি ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনায় বাজারের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। ব্যবসায়ীদের অভিযোগ, সড়কের বাজারে প্রায়ই চুরির ঘটনা ঘটছে। অথচ বাজারের নিরাপত্তা ও রাতের পাহারার দায়িত্বে থাকা নৈশপ্রহরীর কার্যক্রম এবং জবাবদিহি নিয়ে তাঁদের মধ্যে অসন্তোষ রয়েছে।

ব্যবসায়ীরা বলেন, সারাদিন পরিশ্রম করে তাঁরা ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করেন। রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পর এসব প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কার? বাজারে পর্যাপ্ত পাহারা ও কার্যকর নিরাপত্তাব্যবস্থা না থাকায় চোরেরা বারবার চুরির সুযোগ পাচ্ছে।

এ অবস্থায় বাজার কমিটি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত চুরির ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং বাজারের রাতের নিরাপত্তাব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

স্থানীয়দের মতে, ব্যবসায়ীদের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে বাজারে নিয়মিত পাহারা, নৈশপ্রহরীর দায়িত্ব তদারকি এবং প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম স্থাপন জরুরি হয়ে পড়েছে।