মূল কনটেন্টে যান
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

কুশিয়ারা কেড়ে নিচ্ছে গদাধরের রাস্তা, হুমকিতে জনবসতি; বেড়িবাঁধ চান এলাকাবাসী

একটি স্থানেই ৫০০ ফুট এলাকাজুড়ে ভূমিধস, পুরো গ্রামে একাধিক ভাঙন স্পট; স্বাভাবিক চলাচল ব্যাহত


নিজস্ব প্রতিবেদক
কুশিয়ারা কেড়ে নিচ্ছে গদাধরের রাস্তা, হুমকিতে জনবসতি; বেড়িবাঁধ চান এলাকাবাসী

নদী আছে, অথচ নদীর পাড়ের মানুষের চলাচলের পথ নেই। একের পর এক ভাঙনে হারিয়ে যাচ্ছে সড়ক, বাড়ছে জনদুর্ভোগ। সিলেটের জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের গদাধর গ্রামের মানুষের কাছে কুশিয়ারা নদী এখন বড় আতঙ্কের নাম। নদীভাঙনে গ্রামের বিভিন্ন স্থানের সড়ক বিলীন হয়ে যাওয়ায় স্বাভাবিক যোগাযোগব্যবস্থা ব্যাহত হচ্ছে। নতুন করে মুজম্মিল হক মেম্বারের বাড়ির সামনে বড় ধরনের ভূমিধসের ঘটনায় উদ্বেগ আরও বেড়েছে।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, ওই এলাকায় কুশিয়ারা নদীর তীরবর্তী প্রায় ৫০০ ফুট দৈর্ঘ্য ও ১০০ ফুট প্রস্থ এলাকাজুড়ে মাটি ধসে পড়েছে। এতে নদীতীরবর্তী সড়কের বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে সেখানে যানবাহন চলাচল স্বাভাবিক নেই। ভাঙন অব্যাহত থাকলে সড়কের অবশিষ্ট অংশও নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

তবে গদাধরের নদীভাঙন সমস্যা কেবল নতুন এই ভাঙনস্থলেই সীমাবদ্ধ নয়। পুরো গ্রামেই রয়েছে একাধিক ভাঙন স্পট। স্থানীয়দের তথ্যমতে, আসুক আহমদের বাড়ির সম্মুখ, ডা. আব্দুল হালীমের বাড়ির সম্মুখ, সোনাপুর মাজহারুল উলুম আলিম মাদ্রাসার সম্মুখ, ডা. আব্দুল আজিজের বাড়ির সম্মুখ এবং আলাই মিয়ার বাড়ির সম্মুখেও নদীভাঙনের সমস্যা রয়েছে। গত কয়েক বছরে এসব স্থানে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে।

সোনাপুর মাজহারুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কুতবুল আলম বলেন, ‘পুরো রাস্তা নদীতে বিলীন হয়ে গেছে। মানুষের চলাচলের রাস্তা নেই। নতুন বেড়িবাঁধ নির্মাণ জরুরি।’ তিনি আরও জানান, পুরো গ্রামে গত কয়েক বছরে বড় বড় কয়েকটি ভাঙন স্পট তৈরি হয়েছে।

নদীভাঙনের কারণে শুধু সড়ক যোগাযোগ নয়, স্থানীয় মানুষের স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে। চলাচলের পথ হারিয়ে ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। একই সঙ্গে নদীতীরবর্তী বসতবাড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনা নিয়েও তৈরি হয়েছে উদ্বেগ। স্থানীয়দের আশঙ্কা, এখনই কার্যকর প্রতিরোধব্যবস্থা গড়ে তোলা না হলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে।

এ বিষয়ে জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ বলেন, বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের জানানো হয়েছে। তাঁরা দ্রুত সরেজমিন পরিদর্শন করে ব্যবস্থা নেবেন।

এদিকে এলাকাবাসীর দাবি, শুধু সাময়িক মেরামত নয়, গদাধর গ্রামের নদীভাঙনপ্রবণ সব স্থান চিহ্নিত করে স্থায়ী প্রতিরোধব্যবস্থা গড়ে তুলতে হবে। জরুরি ভিত্তিতে নতুন বেড়িবাঁধ নির্মাণের পাশাপাশি মানুষের চলাচলের জন্য বিকল্প সড়কের ব্যবস্থাও করতে হবে।

কুশিয়ারা নদীর ভাঙনে গদাধরের মানুষের যোগাযোগের পথ ও বসতভিটা হারানোর আশঙ্কা দূর করতে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর উদ্যোগ এখন সময়ের দাবি।