সুনামগঞ্জের ছাতকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সিলেট মহানগর শাখার সহসভাপতি মিফতা উদ্দিন ওয়াহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ছাতক থানায় দুটি মামলা রয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার দোলারবাজার ইউনিয়নের কল্যাণপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন পিপিএমের নির্দেশনায় পুলিশের একটি দল এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) আব্দুল জলিল ও আব্দুল বাতেন।
পুলিশ জানায়, মিফতা উদ্দিন ওয়াহিদের বিরুদ্ধে ছাতক থানায় দায়ের করা দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা বা আসামি হিসেবে সংশ্লিষ্টতা রয়েছে। এর মধ্যে একটি মামলা ২০২৬ সালের ৯ আগস্ট দায়ের করা হয়। ওই মামলায় মারামারি, গুরুতর জখম ও হত্যাচেষ্টাসহ দ্রুত বিচার আইনের ধারায় অভিযোগ আনা হয়েছে। অপর মামলাটি ২০২৪ সালের ১৪ নভেম্বর দায়ের করা হয়। এতে সংঘবদ্ধভাবে অনধিকার প্রবেশ, মারধর, চুরি, হত্যাচেষ্টা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে।
গ্রেপ্তার মিফতা উদ্দিন ওয়াহিদ (২৫) ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের কল্যাণপুর গ্রামের মৃত রূপ মিয়া ও সুফিয়া বেগমের ছেলে। তিনি সিলেট মহানগর ছাত্রলীগের সহসভাপতি হিসেবে পরিচিত।
ছাতক থানার ওসি মো. কামাল হোসেন পিপিএম জানান, গ্রেপ্তার আসামিকে যথাযথ পুলিশি নিরাপত্তায় আদালতে সোপর্দ করা হবে।


