মূল কনটেন্টে যান
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

এক মাসের সন্তানকে দেখা হলো না রাজনের, মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু


এক মাসের সন্তানকে দেখা হলো না রাজনের, মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু

পরিবারের মুখে হাসি ফোটাতে জীবিকার সন্ধানে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন রাজন বিশ্বাস (৩০)। স্বপ্ন ছিল পরিবারের সচ্ছলতা ফেরানোর। এরই মধ্যে এক মাস আগে তাঁর ঘর আলো করে জন্ম নেয় একটি ছেলেসন্তান। কিন্তু সেই সন্তানকে আর দেখা হলো না তাঁর। মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এই প্রবাসী যুবক।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুরের দিকে মালয়েশিয়ার বান্তিং (Banting) হাইওয়ে সড়কে একটি মালবাহী ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। রাজন বিশ্বাস সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের মির্জারচক গ্রামের ভূষণ বিশ্বাসের ছেলে।

তিন ভাই ও দুই বোনের মধ্যে সবার বড় ছিলেন রাজন। পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে প্রায় ১১ মাস আগে ছুটি শেষে আবার মালয়েশিয়ায় কর্মস্থলে ফিরে গিয়েছিলেন তিনি। এরই মধ্যে দেশে তাঁর স্ত্রী একটি ছেলেসন্তানের জন্ম দেন। সন্তান জন্মের খবর পেলেও তাকে দেখার সুযোগ হয়নি রাজনের। সেই অপেক্ষার অবসান হওয়ার আগেই থেমে গেল তাঁর জীবন।

রাজনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বিশিষ্ট রাজনীতিবিদ ও হিন্দু সম্প্রদায়ের ঐক্যবদ্ধতার নেতা রাজস বিশ্বাস। তিনি জানান, রাজনের মরদেহ দেশে ফিরিয়ে আনতে মালয়েশিয়ায় তাঁর কর্মরত কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। দেশটির আইনি প্রক্রিয়া ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে মরদেহ দেশে পাঠানোর বিষয়ে বিস্তারিত জানা যাবে। তবে কবে নাগাদ মরদেহ দেশে ফিরবে, তা এখনো নিশ্চিত নয়।

রাজনের মৃত্যুর খবর পৌঁছানোর পর থেকেই মির্জারচক গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে। স্ত্রী, এক মাসের শিশুসন্তান ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। পরিবারের দায়িত্ব নিতে বিদেশে যাওয়া রাজনের এমন আকস্মিক মৃত্যুতে মির্জারচক গ্রামসহ পুরো জকিগঞ্জ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।