মূল কনটেন্টে যান
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

নয় বছর পেরিয়ে দশ বছরে জকিগঞ্জ টিভি


সবুজ প্রান্ত অনলাইন
সবুজ প্রান্ত অনলাইন
নয় বছর পেরিয়ে দশ বছরে জকিগঞ্জ টিভি

জকিগঞ্জ মিডিয়া সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দশম বছরে প্রবেশ করেছে জকিগঞ্জের প্রথম অনলাইন টেলিভিশন জকিগঞ্জ টিভি। সোমবার ১৬ নভেম্বর ২০২৬ কেক কেটে প্রতিষ্ঠানটির নবম বর্ষপূর্তি ও দশম বর্ষে পদার্পণ উদযাপন করা হয়।

জকিগঞ্জ টিভির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুকিতের সভাপতিত্বে এবং হেড অব নিউজ আহমদ হোসাইন আইমানের সঞ্চালনায় তাৎক্ষণিকভাবে আয়োজিত এ অনুষ্ঠানে ‘ভালোবাসার পরশে, পা রেখেছি দশে’ প্রতিপাদ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন।

উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের আহমদ, সাধারণ সম্পাদক আহসান হাবিব লায়েক, কোষাধ্যক্ষ তারেক আহমদ, অফিস সম্পাদক আব্দুশ শহিদ শাকির, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক হাবিবুল্লাহ মিছবাহ এবং সদস্য উবেদুল্লাহ তালুকদার। এ ছাড়া বাবুর বাজার ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি আব্দুল বাছিত, এহসান মোহাম্মদ শামিম ও হাসান আহমদ উপস্থিত ছিলেন।

নয় বছরের যাত্রার বিষয়ে ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুকিত বলেন, “জকিগঞ্জ টিভির নয় বছরের পথচলায় আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি জকিগঞ্জের মানুষের অকৃত্রিম ভালোবাসা ও আস্থা। এই অর্জন কোনো একক ব্যক্তির নয়; বরং এটি একটি টিমের সম্মিলিত প্রচেষ্টা এবং অসংখ্য মানুষের সহযোগিতার ফসল। পথচলায় আমাদের কোনো অনিচ্ছাকৃত ভুল কিংবা অপূর্ণতায় কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। গঠনমূলক সমালোচনা ও পরামর্শ আমাদের আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করে।”

ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে তিনি বলেন, “আগামীর দিনগুলোতে আরও দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও জনমানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সময়ের সঙ্গে নিজেদের সমৃদ্ধ করা, ভুল থেকে শিক্ষা নেওয়া এবং মানুষের আস্থার মর্যাদা রক্ষা করাই আমাদের অঙ্গীকার।” শুরু থেকে যাঁরা শ্রম, সহযোগিতা, সাহস ও পরামর্শ দিয়ে পাশে ছিলেন, তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আব্দুল মুকিত।

২০১৭ সালের ১৬ নভেম্বর জকিগঞ্জের সংবাদ, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্ভাবনা ও মানুষের জীবনযাত্রার গল্প দেশ-বিদেশে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছিল জকিগঞ্জ টিভি। প্রবাসে থাকা জকিগঞ্জের বাসিন্দারা যেন নিজ এলাকার তথ্য জানতে পারেন এবং স্থানীয় মানুষের সমস্যা ও সম্ভাবনার কথা সংশ্লিষ্ট মহলে পৌঁছানো যায়, সেই ভাবনা থেকেই উদ্যোগটি নেওয়া হয়েছিল।

নয় বছরের এ সময়ে সীমাবদ্ধতা, প্রতিকূলতা, ভুলত্রুটি ও মফস্বলে সংবাদমাধ্যম পরিচালনার বাস্তবতা মোকাবিলা করতে হয়েছে প্রতিষ্ঠানটিকে। সেই অভিজ্ঞতাকে সামনে রেখে দশম বছরে আরও দায়িত্বশীল সাংবাদিকতা এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা জকিগঞ্জবাসীর সঙ্গে জন্মভূমির সংযোগ তৈরির লক্ষ্য নিয়েছে জকিগঞ্জ টিভি। উপস্থিত ব্যক্তিরা প্রতিষ্ঠানটির আগামী দিনের পথচলা আরও গতিশীল হওয়ার প্রত্যাশা জানান।