
সিলেটের জকিগঞ্জ উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে এক হামলায় বাবা ও ছেলে গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন সুলতানপুর ইউনিয়নের এলংজুরী গ্রামের আব্দুল শুক্কুর ও তাঁর ছেলে আবুল কাশেম।
বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ইলাবাজ এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, শুক্কুর ও কাশেম খড় সংগ্রহ করতে গেলে কয়েকজন ব্যক্তি তাঁদের ওপর হামলা চালান। একপর্যায়ে হামলাকারীরা দেশীয় অস্ত্র ব্যবহার করে দুজনকে মারধর করেন এবং পরে কাদাযুক্ত একটি গর্তে ফেলে রেখে চলে যান।
ঘটনার পর স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁদের অবস্থার অবনতি হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানায়, ঘটনার খবর পেয়ে থানার একটি দল স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহতদের খোঁজখবর নেয়। পরে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন নাজিম উদ্দীনের ছেলে সাব্বির আহমদ ও তাঁর ভাই নাসির উদ্দীন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, পূর্ব বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটতে পারে। তবে এ বিষয়ে বিস্তারিত জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।