মূল কনটেন্টে যান
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

বালাগঞ্জে আবুল মিয়া হত্যা: চট্টগ্রাম থেকে প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩


বালাগঞ্জে আবুল মিয়া হত্যা: চট্টগ্রাম থেকে প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩

সিলেটের বালাগঞ্জে চাঞ্চল্যকর মির্জা আবুল মিয়া (৭০) হত্যা মামলার এজাহারনামীয় তিন আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বালাগঞ্জ উপজেলার পূর্ব মুসলিমাবাদ গ্রামের মৃত মির্জা ফরিদের ছেলে মির্জা টিটু (৩৫), মেয়ে মির্জা জেনী বেগম এবং মির্জা টিটুর স্ত্রী সালমা বেগম (২৫)। তাঁরা এ মামলার এজাহারনামীয় আসামি।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৬ অক্টোবর বালাগঞ্জ থানায় পেনাল কোডের ১৪৩, ৪৭৭, ৩২৩, ৩২৬, ৩০৭, ৩০২, ৫০৬(২), ১১৪ ও ৩৪ ধারায় মামলা নম্বর ০৯/৭২ দায়ের করা হয়।

বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল লতিফ তরফদারের দিকনির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সৌরভ সাহার নেতৃত্বে পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে। পরে এসআরবি-৭, চট্টগ্রাম ও এসআরবি-৯, সিলেটের সহযোগিতায় গত ১ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বন্দর থানার ব্রিক ফিল্ড রোডের রোকেয়া মঞ্জিল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

বালাগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের পুলিশি হেফাজতে এনে যথাযথ নিরাপত্তায় মঙ্গলবার (৩ নভেম্বর) আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৫ অক্টোবর রাতে বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের মুসলিমাবাদ (ডেকাপুর) গ্রামে বাড়ি বিক্রির পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মির্জা আবুল মিয়া নিহত হন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে বালাগঞ্জ থানায় হত্যা মামলা করা হয়। মামলার অভিযোগ অনুযায়ী, নিহতের আপন ভাতিজা মির্জা টিটুর দেশীয় অস্ত্রের আঘাতে তাঁর মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের পর থেকে অভিযুক্তরা আত্মগোপনে ছিলেন। পুলিশের অভিযানে মামলার প্রধান আসামিসহ এজাহারনামীয় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।