মূল কনটেন্টে যান
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

সীমান্ত অপরাধে না জড়াতে আমলশীদে বিজিবির আহ্বান


সীমান্ত অপরাধে না জড়াতে আমলশীদে বিজিবির আহ্বান

সীমান্ত অপরাধ, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সিলেটের জকিগঞ্জে জনসচেতনতামূলক আলোচনা সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার আমলশীদ বাজারে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এ সভার আয়োজন করে। এতে ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অ্যাডজুট্যান্ট সহকারী পরিচালক এ কে এম নুরুজ্জামান তরফদার উপস্থিত ছিলেন। এ ছাড়া স্থানীয় চেয়ারম্যান, ইউপি সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় ৭০ থেকে ৮০ জন স্থানীয় বাসিন্দা সভায় অংশ নেন।

সভায় সীমান্ত অতিক্রম করে অবৈধ যাতায়াত, বিএসএফের মাধ্যমে পুশইন প্রতিরোধ, বাংলাদেশ-ভারত সীমান্তের অপদখলীয় ভূমি-সংক্রান্ত পরিস্থিতি, শূন্যরেখায় মাছ ধরা ও অন্যান্য কর্মকাণ্ড থেকে বিরত থাকা, নারী ও শিশু পাচার, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধসহ সীমান্ত নিরাপত্তার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় এ কে এম নুরুজ্জামান তরফদার সীমান্তবর্তী বাসিন্দাদের আন্তরাষ্ট্রীয় সীমান্ত অপরাধে জড়িয়ে না পড়ার আহ্বান জানান। তিনি বলেন, সীমান্ত এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড, নারী ও শিশু পাচার, মাদক ও পণ্য চোরাচালান কিংবা অবৈধ অনুপ্রবেশের কোনো তথ্য পাওয়া গেলে দ্রুত বিজিবি বা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে।

তিনি আরও বলেন, সীমান্ত অপরাধ প্রতিরোধে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিজিবি কাজ করছে। এ ক্ষেত্রে স্থানীয় জনগণের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

সভায় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা রক্ষায় বিজিবি এবং দেশপ্রেমিক জনগণের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়। সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানায় বিজিবি।