মূল কনটেন্টে যান
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার নিন্দা, বিচার দাবি জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের


নিজস্ব প্রতিবেদক
ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার নিন্দা, বিচার দাবি জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের

সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব। একই সঙ্গে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আব্দুশ শহীদ শাকির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ ও সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা নিন্দনীয়। তাঁরা এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

উল্লেখ্য, বুধবার (২৮ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পঞ্চম তলায় অপারেশন থিয়েটারের সামনে রোগীর স্বজনদের মারধরের ঘটনার তথ্য সংগ্রহ ও ছবি তুলতে গিয়ে হামলার শিকার হন দুই সাংবাদিক। তাঁরা হলেন ফটোসাংবাদিক রেজা রুবেল ও সাংবাদিক নিবেন্দু তালুকদার। এ ঘটনায় তাঁদের মাথায় গুরুতর আঘাত লাগে এবং সেলাই দিতে হয়।

ঘটনার পর ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতি শুরু করেন। এতে হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত হয় এবং ভোগান্তিতে পড়েন রোগী ও তাঁদের স্বজনেরা।