
সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে কয়লা তুলে আনার সময় কোয়ারির মাটি ধসে এক বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) ভোরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্তসংলগ্ন ভারতের অভ্যন্তরে এক কয়লা কোয়ারিতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম ইউনুছ আলী (২৩)। তিনি উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের লালঘাট গ্রামের ছমির উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ভোরে ১০ থেকে ১৫ জনের একটি দল চারাগাঁও সীমান্তের চোরাই পথ দিয়ে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। সেখানে একটি কয়লা কোয়ারির গভীর গুহায় ঢুকে তারা কয়লা সংগ্রহ করছিলেন। এ সময় হঠাৎ গুহার ওপর থেকে মাটি ধসে পড়লে নিচে চাপা পড়েন ইউনুছ আলী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই সঙ্গে থাকা অন্য শ্রমিকরা সেখান থেকে পালিয়ে বাংলাদেশে ফিরে এসে ইউনুছের পরিবারকে খবর দেন। পরে স্বজন ও অন্যান্য শ্রমিকদের সহায়তায় দুপুরে ভারতের সেই গুহা থেকে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়।
বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ ২৮-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির জানান, নিহতের সঙ্গে অবৈধভাবে ভারতে প্রবেশ করা অন্য নাগরিকদের নাম-ঠিকানা সংগ্রহ করা হচ্ছে। অবৈধ সীমান্ত অতিক্রমের দায়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।