
সিলেটের স্বাস্থ্যসেবার প্রধান প্রতিষ্ঠান এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে আসছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আগামীকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) সিলেটে এসে তিনি ওসমানী মেডিকেল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল পরিদর্শন করবেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তর থেকে জারি করা সফরসূচিতে এ কর্মসূচির কথা জানানো হয়েছে। মন্ত্রীর একান্ত সচিব ও যুগ্মসচিব এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত ওই সূচি অনুযায়ী, সফরে তার সঙ্গে থাকবেন একান্ত সচিব।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের সময়মতো কর্মস্থলে উপস্থিতি এবং নির্ধারিত সময়ের আগে হাসপাতাল ত্যাগের বিষয়টি নিয়ে আলোচনার মধ্যেই মন্ত্রীর এই পরিদর্শন অনুষ্ঠিত হচ্ছে। ফলে সিলেটের প্রধান এই সরকারি হাসপাতালে চিকিৎসাসেবার বাস্তব চিত্র সরেজমিনে দেখার বিষয়টি সফরে বিশেষ গুরুত্ব পাচ্ছে।
সফরসূচি অনুযায়ী, শুক্রবার সকাল ৭টায় বিমানযোগে সিলেটের উদ্দেশে ঢাকা ছাড়বেন মন্ত্রী। সকাল ৭টা ৫০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সিলেট সার্কিট হাউজে যাবেন তিনি।
সকাল সাড়ে ৯টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনের কর্মসূচি রয়েছে। সেখানে পরিদর্শন শেষে সকাল ১১টায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে যাবেন স্বাস্থ্যমন্ত্রী।
দুই হাসপাতাল পরিদর্শন শেষে দুপুর সাড়ে ১২টার দিকে সার্কিট হাউজে ফেরার কথা রয়েছে তার। এরপর বিকেল সাড়ে ৩টার দিকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়ে বিকেল সাড়ে ৪টার ফ্লাইটে ঢাকার পথে সিলেট ছাড়বেন মন্ত্রী।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।