
যুক্তরাজ্যের ম্যানচেস্টারের ঐতিহ্যবাহী শাহজালাল মসজিদ ও ইসলামিক সেন্টারের ব্যবস্থাপনায় চার সপ্তাহব্যাপী দারুল কিরাত কোর্সের সমাপনী উপলক্ষে পুরস্কার বিতরণ ও গ্র্যাজুয়েশন সেরেমনি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) আয়োজিত অনুষ্ঠানে শাহজালাল মসজিদের চেয়ারম্যান আলহাজ আনসার উদ্দীনের সভাপতিত্বে এবং মসজিদের ইমাম মাওলানা খায়রুল হুদা খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল কিরাতের প্রধানকারী হযরত মাওলানা ফখরুল হাসান রুতবাহ।
এ সময় উপস্থিত ছিলেন মসজিদের ট্রাস্টি আলহাজ সৈয়দ নজরুল ইসলাম, আনজুমানে আল ইসলাহ ম্যানচেস্টারের সভাপতি মাওলানা আবদুল কুদ্দুস, সেক্রেটারি মাওলানা আবদুস সালাম, মসজিদের সেক্রেটারি আলহাজ মালিক সওদাগর, জয়েন্ট সেক্রেটারি শেখ জাফর আহমদ, ট্রেজারার কামরু মিয়া, হাফিয আবদুল হামিদ শাহান, আলহাজ আবদুল হান্নান, ফারুক আহমদ, সৈয়দ খায়রুল ইসলাম, মাওলানা ফেরদৌস চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কুরআন তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। হাদিস শরিফে ওই ব্যক্তিকে সর্বোত্তম বলা হয়েছে, যিনি নিজে কুরআন শিক্ষা করেন এবং অন্যকে শিক্ষা দেন। সহিহভাবে কুরআনে কারিমের পঠন-পাঠন ও তিলাওয়াত শিক্ষার ক্ষেত্রে শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) প্রতিষ্ঠিত দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের অবদানের কথা তুলে ধরে তারা ম্যানচেস্টারের শাহজালাল মসজিদে এ ধরনের কোর্স আয়োজনের জন্য মসজিদ কর্তৃপক্ষ, অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা এবং ম্যানচেস্টার কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জানা যায়, ছয় বছর মেয়াদি দারুল কিরাত কোর্স সম্পন্ন করে এ বছর শাহজালাল মসজিদ থেকে ১৪ জন শিক্ষার্থী কারী ও কারীয়া হিসেবে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। এছাড়া মাসব্যাপী বিশেষ কুরআন প্রশিক্ষণ কোর্সে দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের তত্ত্বাবধান ও শিক্ষাদানে নিয়োজিত ছিলেন নবীন ও প্রবীণ ২৭ জন শিক্ষক-শিক্ষিকা।
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলা কাগজের ডিরেক্টর রুহুল আমীন চৌধুরী মামুন, আলহাজ মনসুর খান, আলহাজ আবু তাহের, মুস্তাফিজুর রহমান লস্কর, ওয়াহিদুর রহমান বিশ্বাস টিপু, সৈয়দ সাদেক আহমদ, সাব্বির চৌধুরী, রজিন খায়রুল, জবুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে কমিউনিটি নেতৃবৃন্দ, দারুল কিরাতের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকসহ বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। পরে সফল শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট, মেডেল ও ট্রফি তুলে দেন অতিথিরা।
কুরআনে কারিমের খিদমত ও নতুন প্রজন্মের মাঝে সহিহ তিলাওয়াতের শিক্ষা ছড়িয়ে দিতে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের তত্ত্বাবধানে শাহজালাল মসজিদ ম্যানচেস্টারের এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।