
সুনামগঞ্জের দোয়ারাবাজারে চেলা নদীর পাড়ের জমির মালিকানা ও সীমানা নির্ধারণকে কেন্দ্র করে চাচা-ভাতিজার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সৌদি আরবপ্রবাসী রমজান আলীসহ দু’পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। গুরুতর আহত রমজান আলীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার নরসিংপুর ইউনিয়নের পূর্ব সোনাপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব সোনাপুর গ্রামের ইসমাঈল আলীর ছেলে সিদ্দেক মিয়া এবং তাঁর ভাতিজা মো. হযরত আলীর ছেলে আমির জায়েদ ও আমির হামজা সম্মিলিতভাবে চেলা নদীর পাড়ের তাঁদের মালিকানাধীন তিন কেয়ার জমি বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করেন। হযরত আলীর আরেক ছেলে রমজান আলী সৌদি আরবে প্রবাসে থাকায় তাঁর পৈতৃক অংশ বিক্রি না করে সাড়ে ৭ শতক জমি সীমানা নির্ধারণ করে রাখা হয়।
গত রোববার (৮ সেপ্টেম্বর) রমজান আলী প্রবাস থেকে দেশে এসে দাবি করেন, তাঁর অংশীয় সম্পত্তির পরিমাণ ১৫ শতক। এ নিয়ে মঙ্গলবার সীমানা নির্ধারণকে কেন্দ্র করে চাচা-ভাতিজাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
বুধবার সকালে চাচা সিদ্দেক মিয়া ও রমজান আলীর মধ্যে পুনরায় বাকবিতণ্ডা শুরু হয়। স্থানীয়দের হস্তক্ষেপে তাৎক্ষণিকভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও বেলা ১১টার দিকে পুনরায় তাঁদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় সৌদি আরবপ্রবাসী রমজান আলী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আহত রমজান আলী জানান, বুধবার সকালে আমার জায়গা থেকে জোরপূর্বক বালু উত্তোলন করে নিয়ে যায় সিদ্দেক মিয়া। এনিয়ে দু’পক্ষের বাকবিতন্ডার একপর্যায়ে রমজান আলীকে মারধর করে গুরুতর আহত করে সিদ্দেক মিয়া ও তাজউদ্দীন।
এ বিষয়ে দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায়। এখনো কোনো পক্ষের কাছ থেকে অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।